কেশবপুরে ভুয়া মেজর আটক

0

 

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরে পুলিশ মঙ্গলবার সকালে মোয়াজ্জেম কবীর (৩৭) নামে এক ভুয়া মেজরকে উপজেলার বগা মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা হয়েছে।
কেশবপুর থানার উপপরিদর্শক অনিমেষ বিশ্বাস বলেন, সাতক্ষীরার কালিগঞ্জ থানার শেখপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে মোয়াজ্জেম কবীর নিজেকে মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। ২০১৯ সালে উপজেলার বুড়–লি গ্রামের ওদুদ সরদারের ছেলে বিল্লাল হোসেনকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে ৩ লাখ টাকা নেন। চাকরি দিতে না পারলে টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন টালবাহানা করতে থাকেন। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি সেনাবাহিনীর কেউ নন। এ বিষয়ে থানায় ওদুদ সরদার সম্প্রতি একটি মামলা করেন।