রাষ্ট্রপতির চিকিৎসক পরিচয় দিতেন প্রতারক আরিফুর!

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডিবি পুলিশের হাতে আটক প্রতারক আরিফুর রহমান নিজেকে কখনো ভারতের কলকাতার একটি হাসপাতালের কনসালট্যান্ট আবার কখনো এদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক রয়েছে এসব কথা বলে লোকজনকে ধোকা দিতেন। এমনকি তিনি রাষ্ট্রপতির চিকিৎসক হিসেবেও পরিচয় দিতেন ! আরিফুর রহমানের বিরুদ্ধে দায়েরকরা প্রতারণা ও মুক্তিপণ দাবি সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন।
এদিকে ওই মামলায় রোববার আদালত আটক আরিফুর রহমানের রিমান্ড মঞ্জুর করেছেন।তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা আদালতে তার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। এসআই মফিজুল ইসলাম জানান, আটক আরিফুর রহমান একজন বড় ধরনের প্রতারক। তিনি মোবাইল ফোনে ধোঁকা দিয়ে লোকজনের সাথে কথা বলেছেন। আবার কথোপকথন রেকর্ডও করে রেখেছেন। তার মোবাইল ফোন সেট পরীক্ষা করার সময় রেকর্ড করা এসব কথোপকথন পাওয়া গেছে। এতে গেছে যে, আরিফুর রহমান মোবাইল ফোনে বিভিন্ন লোকজনের সাথে নিজেকে কখনো ভারতের কলকাতার সিকিম হাসপাতালের কনসালট্যান্ট হিসেবে পরিচয় দিচ্ছেন। কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক রয়েছে বলে জাহির করছেন। আবার কখনো নিজেকে রাষ্ট্রপতির চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছেন। তিনি বলেন, আটক আরিফুর রহমানকে তক্ষক সাপ প্রতারণা ও মুক্তিপণ দাবির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। রোববার শুনানি শেষে আদালতের বিচারক তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, তক্ষক সাপ ব্যবসার প্রলোভন দেখিয়ে ওমর আলী নামে ঢাকার এক ব্যক্তিকে কৌশলে যশোরে এনে আটকে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগে প্রতারক আরিফুর রহমানসহ ৩ জনকে আটক করে ডিবি পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারি রাতে যশোরের উপশহরস্থ ডি-ব্লকের নির্মাণাধীন একটি ভবন থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ওমর আলীকে আহত অবস্থায় উদ্ধার করে ডিবি পুলিশ। প্রতারক আরিফুর রহমান ঢাকার মিরপুর পল্লবীর ডি-ব্লক এলাকার সেকশন-৩ এর ৩৩ নম্বর বাসার মৃত মাজহারুল ইসলামের ছেলে।