চৌগাছায় কপোতাক্ষ থেকে বালি তোলার সময় মেশিনসহ সরঞ্জাম জব্দ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় দুটি মেশিন, কয়েকটি পাইপসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বুধবার দুপুরে উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুরে কপোতাক্ষ নদের উৎপত্তিস্থলে নির্বাহী অফিসার ইরুফা সুলতানার নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা মেশিন ও সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে বুধবার দুপুরে তাহেরপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় মেশিন ও সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায় বালি উত্তোলনকারীরা। সেখান থেকে বালি তোলার কাজে ব্যবহৃত দুটি মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। একইসাথে উপজেলার বিভিন্ন এলাকাতে যারা অবৈধভাবে বালি উত্তোলন করছে সে সব স্থানেও অভিযান চালানো হবে।