রাজগঞ্জে বোমা তৈরির সরঞ্জাম ধারালো অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক ১

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা॥ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে ৪টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম, ধারালো অস্ত্র ও দু’টি মোটরসাইকেলসহ ওলিয়ার রহমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে একাধিক মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ কিসমত চাকলা বাজার থেকে এসব মালামালসহ ওলিয়ারকে আটক করে। আটক ওলিয়ার ওই গ্রামের সিরাজ গাইনের ছেলে বলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ওলিয়ার রহমান কিসমত চাকলা গ্রামের একটি মৎস্য ঘেরে বসে বোমা তৈরি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম, দেশীয় ধারালো অস্ত্র এবং দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওলিয়ারে সাথে থাকা বেশ কয়েকজন যুবক পালিয়ে যায়। পুলিশের দাবি, তৈরিকৃত এসব বোমা দিয়ে মশ্মিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড় ধরণের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। ঘটনার সত্যতা শিকার করেছেন রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের দারোগা লিটন। তিনি জানান, এর সাথে আরো কারা জড়িত আছে তদন্ত না করে কিছুই বলা সম্ভব নয়।