শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি : নওয়াপাড়ায় নৌবন্দরে কার্যক্রম বন্ধ

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে নওয়াপাড়া নদী বন্দরে শুক্রবার রাত ১২টা থেকে অনির্দিষ্ট কালের জন্য নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। গতকাল শনিবার বিভিন্ন ঘাটে গিয়ে দেখা যায় কর্মবিরতির কারণে এ বন্দরে সকল প্রকার লোড-আনলোড বন্ধ রয়েছে। নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখার সভাপতি মো. ইমরান জানান, সম্প্রতি নৌযান শ্রমিকদের উপর হামলা-নির্যাতন, নওয়াপাড়ার লবণ ঘাটে এমভি সাইফুল্লাহ আফ্রিন জাহাজের তিন কর্মচারীকে কুপিয়ে জখম, ঘাট মালিক কর্তৃক হয়রানির শিকারসহ একাধিক ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে নৌযান শ্রমিকরা এই কর্মবিরতি পালন করেন। কর্মবিরতির সমর্থনে গতকাল শনিবার বিকালে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখার আয়োজনে নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখার কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখার সভাপতি মো. ইমরান মাস্টার। বক্তব্য রাখেন উপদেষ্টা শাহ্ মারুফ আহমেদ, নৌযান শ্রমিক নেতা আজিজ মাস্টার, ইমরুল ড্রাইভার, নাজমুল হোসেন, সোহরাব মাস্টার, বাদল মাস্টার, সিরাজ ড্রাইভার, এজাজুল ড্রাইভার, আহাদ মাস্টার, কবীর ড্রাইভার, উজ্জ্বল মাস্টার প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নওয়াপাড়া বাজারসহ যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তারা বলেন, তাদের ঘোষিত দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এছাড়া বন্দর এলাকায় অনিয়ম ও নৌযান শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কর্মবিরতির বিষয়ে নওয়াপাড়া সার ও খাদ্যশষ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন বলেন, চাষের এই ভরা মৌসুমে কর্মবিরতির কারণে সার সরবরাহ বন্ধ থাকায় কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে। অন্যদিকে ব্যবসা-বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে।