পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত, ঘাটে দীর্ঘ যানজট

0

লোকসমাজ ডেস্ক॥ রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা-যমুনার অববাহিকায় সৃষ্টি হয়েছে তীব্র স্রোত। এতে ফেরি পারাপারে বিলম্ব হওয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ যানজট। আবার বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে প্রায় নয় দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরি ঘাটে এখনো পণ্যবাহী ট্রাকের জট লেগে আছে। ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি দেখা গেছে। পানিবৃদ্ধির কারণে ৪টি ফেরিঘাটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করলেও ফেরি ভিড়তে দীর্ঘ সময় লাগায় এই ট্রাকজটের সৃষ্টি হয়েছে। নদী ভাঙ্গনে গত দুই দিন ধরে ৪নং ঘাটটি বন্ধ হয়ে গেছে। তীব্র স্রোতের টানে ঘাট দিয়েও ফেরি চলছে ঝুঁকি নিয়ে। বুধবার বেলা ১১টার দিকে ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত ঘাট এলাকায় ফেরি পারের জন্য অপেক্ষা করছে ট্রাকগুলো। অন্যদিকে, দৌলতদিয়া ঘাট থেকে ১৩.৫ কি.মি. দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীমুখী পণ্যবাহী ট্রাক ও কার্ভাডভ্যানকে আটকে রাখা হয়েছে। যা অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে মহাসড়কে আটকে থাকতে হচ্ছে চালক ও সহকারীদের।
খুলনা থেকে কার্টুনবোঝাই ট্রাকচালক সোহরাফ হোসেন বলেন, দৌলতদিয়া ঘাট এলাকায় রাত ১২টার দিকে এসে আটকা পড়েছি। এখনো ফেরির নাগাল পাইনি। কখন যে ফেরির নাগাল পাবো বুঝতে পারছি না বলে ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো: জামাল হোসেন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪টি ঘাটে ১৮টি ফেরি চলাচল করছে তবে পানি বৃদ্ধির কারণে নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিতে তেল বেশি লাগছে বলে জানান তিনি।