মন্দির ভাংচুরের প্রতিবাদে মনিরামপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ খুলনার রূপসায় হিন্দু সম্প্রদায়ের দোকানপাট, মন্দির, প্রতীমা ও বাড়িঘরে হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে যশোরের মনিরামপুরে গতকাল শনিবার মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসী বসু। পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পলাশ ঘোষের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কুমার শীল, অরুণ কুমার নন্দন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সুনীল কুমার ঘোষ, তপন কুমার ভট্টাচার্য্যসহ নেতৃবৃন্দ। বক্তারা আরও বলেন, দেশের সুনাম বিনষ্ট করতে একটি চক্র পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, মন্দির ভাঙচুর ও লুটপাট করছে। তারা বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের বিতাড়িত করতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় খুলনার রূপসার শিয়ালি গ্রামে হিন্দুদের দোকানপাট, বসতভিটাসহ মন্দিরে হামলা চালিয়ে ভাংচুরের পর লুটপাট চালায়। বক্তারা দোষীদের শাস্তি নিশ্চিত করাসহ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।