নড়াইলে কুপিয়ে হত্যা

0

নড়াইল অফিস ॥ নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের চরসিঙ্গা এলাকায় সাবু মোলা (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত সাবু মোলা কোমখালী গ্রামের শফিয়ার মোলার ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৭টার দিকে সাবু মোলা সিঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে চরসিঙ্গা এলাকায় ওঁৎপেতে থাকা প্রতিপ দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সূত্রে জানা যায়, কোমখালী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।