লোকসমাজ ডেস্ক॥ সারাদেশে যতো ধর্ষণ, অন্যায়-অবিচার হচ্ছে এসবের বিরুদ্ধে দেশের মানুষকে জেগে ওঠার আহবান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার বিকালে গোপীবাগের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি। ঢাকা দক্ষিন সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত হওয়া ৪৪ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাঁধা, জোরপূর্বক কেন্দ্র দখল ও বিরোধী পক্ষের প্রার্থী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ এনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, এই একটি মাত্র ওয়ার্ডের নির্বাচনের জন্য বাইরের ওয়ার্ডের ২০-৩০ জন কাউন্সিলর এখানে মহড়া দিয়েছেন। আমরা জানতে পেরেছি, এখানে গতকাল থেকে একেকটা কেন্দ্রে অন্য ওয়ার্ডের কাউন্সিলররা দায়িত্বে ছিলেন। তারা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রত্যেকটি কেন্দ্রে অবস্থান করেছেন। তারা আমাদের প্রার্থীর গায়ে হাত দিয়েছেন। প্রার্থীর পরিবারের সদস্যদের মারধর করেছেন। এখানে নির্বাচনের আচরণবিধি সম্পূর্ণ লঙ্ঘন হয়েছে। তিনি বলেন, এ দেশের নির্বাচন ব্যবস্থা অনেক আগেই এই সরকারের মাধ্যমে ধর্ষিত হয়েছে। এখন যেভাবে আওয়ামী সমর্থিত সন্ত্রাসীরা দেশে ধর্ষনের প্রতিযোগিতা শুরু করেছে। এর থেকে বাঁচার উপায় শুধু একটি গণ অভ্যুত্থানের। আমাদের আর কোন অভিযোগ জানানোর সময় নেই। এখন আমাদের সবাইকে জেগে ওঠতে হবে। সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত প্রার্থী আখতার হোসেন অভিযোগ করেন, সকাল ৭টা থেকেই সবগুলো কেন্দ্র দখল করে নেন আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এর আগেই পুলিশের সহায়তায় বিএনপি সমর্থিত প্রার্থীর বাড়িতে হামলা চালায় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে জানিয়ে এই নির্বাচন বাতিলের দাবি জানান আকতার হোসেন।





