বেনাপোল সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ ভারত থেকে মাদক নিয়ে দেশে ফিরে আসার সময় বেনাপোলের ধান্যখোলা সীমান্তে শুক্রবার ভোরে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মাদক ব্যবসায়ী রিয়াজুল (৩২) বেনাপোল বন্দর থানার ধান্যখোলা সীমান্তবর্তী গ্রামের কাটু মোড়লের পুত্র। নিহতের দেহে গুলির চিহ্ন রয়েছে বলে বিজিবি জানায়। লাশের পাশ থেকে ৫ কেজি গাঁজাও জব্দ করা হয়েছে। ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার সারোয়ার হোসেন জানান, শুক্রবার ভোরে রিয়াজুল মাদক নিয়ে দেশে ফিরে আসার সময় ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ’র একটি টহলদল তাকে গুলি করে লাশ বাংলাদেশের ধান্যখোলা সীমান্তে ফেলে রেখে চলে যায়। সকালে মাঠে কাজ করতে গিয়ে ধান্যখোলা গ্রামের লোকজন লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।

ভাগ