যশোরের পল্লীতে নারীকে কুপিয়ে জখম, মামলা দম্পতির বিরুদ্ধে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে আমেনা খাতুন নামে একজন নারীকে কুপিয়ে জখমের ঘটনায় গত বুধবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই নারীর ছেলে তপু হোসেন প্রতিবেশী দম্পতিকে আসামি করে মামলাটি করেছেন। আসামিরা হচ্ছেন-নিশ্চিন্তপুর গ্রামের নিকাইল হোসেন ও তার স্ত্রী ফরিদা বেগম। নিশ্চিন্তপুর গ্রামের ইসরাইল বিশ্বাসের ছেলে তপু হোসেনের অভিযোগ, প্রতিবেশী নিকাইল হোসেন ও ফরিদা বেগম কারণে-অকারণে তার মা আমেনা বেগম ও তাকে গালিগালাজ করে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। এর জের ধরে গত ১৯ জুন সকাল নয়টার দিকে উল্লিখিত দম্পতি তাদের বাড়িতে এসে তার মায়ের ওপর চড়াও হন। এ সময় নিকাইল হোসেন আচমকা হাসুয়া দিয়ে তার মায়ের মাথায় কোপ দেন। এর ফলে তার মায়ের মাথা জখম হয় এবং তিনি মাটিতে পড়ে যান। মাটিতে পড়ার সাথে সাথে নিকাইল হোসেন ও তার স্ত্রী ফরিদা বেগম তার শরীরের ওপর উঠে পা দিয়ে চটকিয়ে তাকে আরও গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন ছুটে গিয়ে আমেনা খাতুনকে উদ্ধার এবং হাসপাতালে নিয়ে যান।