স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা বাজারে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলায় গতকাল সকালে ইবনে আব্বাস (২৪) নামে এক বিশ্ববিদ্যলয় ছাত্র আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদা না দেয়ায় এ হামলার ঘটনা ঘটে। আহত ইবনে আব্বাস খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। তিনি জানিয়েছেন, শার্শা বাজারে তাদের দোকান আছে। ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দোকানঘরের চাল মেরামত করছিলেন। এ সময় শার্শার বাবলু, আদিল ও চটকাপোতা গ্রামের রফিকুল গং সশস্ত্র অবস্থায় এসে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ইবনে আব্বাস চটকাপোতা গ্রামের আব্দুল মালেকের পুত্র।
ইবনে আব্বাস ও তার স্বজনরা জানিয়েছেন, রফিকুল এলাকায় মাদক সম্রাট ও সন্ত্রাসী বলে খ্যাত। তারা দোকান ঘর মেরামত করার সময় তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দেয়ার কারণে রফিকুলের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।




