অসহায় ক্রিকেটারদের পাশে ভারতীয় ক্রিকেট গ্রেটরা

0

লোকসমাজ ডেস্ক॥ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ভারতে মারাত্মক আকার ধারণ করেছে। ইতিমধ্যে দেশটিতে ৩৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। আর মারা গেছেন ১২২৩ জন। দেশটিতে এখনো করোনা মোকাবিলার জন্য লকডাউন চালু রয়েছে। ফলে অসহায় অবস্থায় আছেন অনেক মানুষ। তাদের সাহায্যে এগিয়ে আসছেন অনেক বিত্তবানও। এদিকে অসহায় মানুষেরা সাহায্য পেলেও বিপাকে আছেন দেশটির অসহায় ক্রিকেটাররা। নিজেদের আত্মসম্মানের কথা ভেবে এই বিপদের সময়ও মুখ খুলছেন না অনেকে। তবে তাদের জন্য এগিয়ে এসেছেন ভারতের সাবেক ক্রিকেট গ্রেটরা। তাদের পাশে দাঁড়ানোর জন্য তহবিল গঠন করেছেন সুনীল গাভাস্কার, কপিল দেবরা।
আর এসব তারা করেছেন ক্রিকেটারদের জন্য গঠিত সংগঠন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (আইসিএ) মাধ্যমে। নিজেরা অর্থ অনুদান দেওয়ার পাশাপাশি এই গ্রেটরা ইতিমধ্যে ৩৯ লাখ রুপি অনুদান সংগ্রহ করেছেন। যা তারা সংগঠনের করোনা তহবিলে জমা দিয়েছেন। এই অর্থ খরচ করা হবে প্রায় ৩০ জন সাবেক অসহায় ক্রিকেটারদের সাহায্যের জন্য। এ নিয়ে সংগঠনের প্রধান অশোক মালহোত্রা বলেছেন, ‘গাভাস্কার, কপিল, গৌতম গম্ভীরের মতো বড় বড় তারকারা আমাদের উদ্যোগে সঙ্গী হয়েছেন। এছাড়া গুজরাটের একটি কর্পোরেট প্রতিষ্ঠানও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।’ কাদের দেওয়া হবে এই সাহায্য? এ নিয়ে মালহোত্রা আরও যোগ করেন, ‘যেসব ক্রিকেটারদের কোন চাকরি নেই, ক্রিকেট বোর্ড বা নিজ নিজ রাজ্য অ্যাসোসিয়েশন থেকেও কোন পেনশন পান না, তাদের জন্য এই সাহায্য দেয়া হবে।’ আগামী ১৫ মে পর্যন্ত অনুদান সংগ্রহ করবে আইসিএ। এরপর প্রতিটি অঞ্চল (নর্থ, ইষ্ট, ওয়েস্ট, সাউথ ও সেন্ট্রাল) থেকে ৫-৬ জন ক্রিকেটারের তালিকা করে তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হবে।