প্রয়োজনে দেশের বাইরে চ্যাম্পিয়নস লিগ খেলবে পিএসজি

0

লোকসমাজ ডেস্ক॥ বাতিল হয়ে গেছে ফরাসি লিগ ওয়ান। এবারের মৌসুমের ঘরোয়া ফুটবল শেষ হয়ে গেছে ফ্রান্সে। একই সঙ্গে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ক্রীড়াঙ্গনের সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। লিগ তো শেষ হয়ে গেছেই, এই সিদ্ধান্তে প্যারিস সেন্ত জার্মেইয়ের চ্যাম্পিয়নস লিগের ঘরের লেগের খেলা নিয়েও জন্মেছে সংশয়। তিন মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর চৌকাঠ পেরিয়েছে পিএসজি। নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। কিন্তু করোনাভাইরাসের কারণে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা আবার শুরু হবে কিনা, সেটা বলা মুশকিল। সেই অনিশ্চয়তা মধ্যেই বাতিল হয়ে গেছে ফ্রান্সের ফুটবল মৌসুম। চ্যাম্পিয়নস লিগ যদি আবার শুরু হয়, সেক্ষেত্রে পিএসজি ঘরের লেগ কিভাবে খেলবে, সেটা নিয়ে প্র্রশ্ন উঠেছে।
মঙ্গলবার ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ বলেছেন, ‘সেপ্টেম্বরের আগে ক্রীড়াঙ্গনের বড় কোনও প্রতিযোগিতা হচ্ছে না। ২০১৯-২০ মৌসুমের পেশাদার ফুটবলও এই সময়ের আগে ফিরবে না।’ তাহলে পিএসজির চ্যাম্পিয়নস লিগ ম্যাচের কী হবে? ফরাসি ক্লাবটির সভাপতি নাসের আল-খেলাইফি দিয়েছেন উত্তর। তিনি জানিয়েছেন, প্রয়োজনে দেশের বাইরে গিয়ে ম্যাচ খেলবেন তারা। ফরাসি সংবাদমাধ্যম লেকিপে দেওয়া সাক্ষাৎকারে খেলাইফি বলেছেন, ‘ফ্রান্স সরকারের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। উয়েফার সঙ্গে থাকা শর্ত অনুযায়ী আমাদের চ্যাম্পিয়নস লিগের শেষ পর্বে অংশগ্রহণ করতেই হবে। যখনই খেলা আয়োজন করা হবে, আমাদের থাকতে হবে।’ এরপরই পিএসজি সভাপতি বললেন, ‘যদি ফ্রান্সে খেলা সম্ভব না হয়, তাহলে আমরা আমাদের ম্যাচগুলো বিদেশে গিয়ে খেলব। আমরা আমাদের খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’ করোনাভাইরাসের কারণে লিগ ওয়ানের এবারের মৌসুম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ছিল। যদিও ফ্রান্সের পেশাদার লিগ কমিটি দ্রুতই মাঠে ফেরার আশা করেছিল। কিন্তু সেটি আর হচ্ছে না। আগামী সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে ক্রীড়াঙ্গনের সব ধরনের খেলা বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এমনকি ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পথও বন্ধ করে দেওয়া হয়েছে।