যশোর এমএম কলেজ ক্যাম্পাসে ছাত্রদল কর্মীকে হত্যা চেষ্টা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের সরকারি এমএম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসীরা এক ছাত্রদল কর্মীকে হত্যার চেষ্টা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় মাসুম বিল্লাহ ওরফে সোহাগ (২২) নামে ওই ছাত্রকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুম বিল্লাহ সোহাগ হামিদপুর আলহেরা কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। মাসুম বিল্লাহ জানিয়েছেন, তিনি শহরের স্টেডিয়ামপাড়ায় একটি মেসে ভাড়া থেকে পড়ালেখা করেন। গতকাল সকালে মেস থেকে রাস্তায় হাঁটতে আসেন। এ সময় আওয়ামী ছাত্রলীগের ৮/১০ জন সন্ত্রাসী তাকে সেখান থেকে অপহরণ করে শহীদ আসাদ হলের পাশে নিয়ে যায় এবং ছাত্রদলের বিভিন্ন সভা সমাবেশ করার ছবি মোবাইল ফোনে আছে কি-না চেক করতে থাকে। সে কেন ছাত্রদল করে জানতে চেয়ে ক্রিকেট খেলার স্ট্যাম্প ও লাঠিসোটা দিয়ে বেদম প্রহার করে। এক পর্যায়ে মাসুম বিল্লাহ সংজ্ঞা হারান এবং ‘বমি’ করতে থাকেন। অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেয়। মাসুম বিল্লাহ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বসন্তপুরের রফিকুল ইসলামের পুত্র। যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গতকাল তার স্নাতক চূড়ান্ত পরীক্ষা ছিল। আহত হওয়ার সংবাদ শুনে জেলা যুবদল ও ছাত্রদল নেতারা হাসপাতালে যায়। দ্রুত তাকে সিটিস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করান।