লোকসমাজ ডেস্ক ॥ ক্রিসমাসে পরিবারের সঙ্গে সময় কাটালেন সাইফ আলী খান কন্যা সারা আলী খান। ভাই ইব্রাহিমের সঙ্গে তার ‘কিউট মোমেন্ট’ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে। ক্রিসমাসের রাত পোহাতে না পোহাতেই উড়ে গেলেন মালদ্বীপে। সেখানে স্বল্পবসনায় সারার নতুন লুক নিয়ে তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার বলছে, বেস্ট ফ্রেন্ড কাম্য আরোরার সঙ্গেই নাকি মালদ্বীপে উড়ে গেছেন সারা। তিনি নাকি গিয়েছেন ‘ভিটামিন সি’-র খোঁজে। ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা ছবিগুলোতে সারাকে দেখা যাচ্ছে বিভিন্ন মেজাজে। কখনও গায়ে রোদ মাখছেন, আবার কখনও বা কাম্যর সঙ্গে মেতেছেন উচ্ছ্বাসে। উষ্ণতার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্ট করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ভক্তদের কমেন্টে ভেসে যাচ্ছেন সারা। পোস্টে স্থানীয় খাবার ও ফিল্টার কফি পানের ছবিও শেয়ার করেছেন সারা আলী খান। উল্লেখ্য, বর্তমানে কুলি নাম্বার ওয়ান এর সিক্যুয়েল নিয়ে ব্যস্ত সারা। এই সিনেমায় বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করছেন তিনি।
এখনই ফাঁস করতে চাই না : দীপিকা
লোকসমাজ ডেস্ক ॥ দীপিকা পাড়ুকোন অভিনয়ের গন্ডি পেরিয়ে প্রযোজনায় নাম লিখিয়েছেন। ‘মহাভারত’ দীপিকার প্রযোজনায় দ্বিতীয় ছবি। এর আগেও এ নিয়ে সিনেমা তৈরি হয়েছে বলিউডে, তবে এই মহাভারত হবে আলাদা। কৃষ্ণ ছাড়া অসম্পূর্ণটি সিনেমাটি। তাই ওই চরিত্রের জন্য অভিনেতা খুঁজছেন দীপিকা । প্রযোজক ও নায়িকা দীপিকা এ প্রসঙ্গে বলেন, এটি এখন প্রকাশ করতে চাচ্ছি না। এটি আমাদের পেছনের আলাপ। পেছনের কথা এখনই ফাঁস করতে চাই না। এ নিয়ে আমাদের অনেকের সঙ্গে কথা হচ্ছে। যেহেতু এখনও চূড়ান্ত কিছু হয়নি তাই আগে থেকেই বলতে চাই না। শিগগিরই কৃষ্ণের খোঁজ পাওয়া যাবে। এটুকু বলতে পারি। মহাভারতে দ্রৌপদীর ভূমিকায় দেখা যাবে দীপিকা পাডুকোনকে। দ্রৌপদীর মুখ দিয়েই মহাভারতের কথা শোনাবেন দীপিকা। মূল চরিত্রে তো থাকছেনই, সেইসঙ্গে প্রযোজনার দায়িত্বও নিজেই সামলাবেন।
‘মি টু’ ক্যাম্পেইন কি বলিউডে পরিবর্তন আনতে পেরেছে?
লোকসমাজ ডেস্ক ॥ যৌন হয়রানির প্রতিবাদের উদ্দেশ্যে শুরু করা ‘হ্যাশট্যাগ মি টু’ ক্যাম্পেইন ভারতে সাড়া ফেলে এক বছরেরও বেশি আগে। আর এই আন্দোলন ভারতে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করে যখন বলিউডের একাধিক তারকা তাদের সাথে হওয়া যৌন হয়রানির ঘটনা তুলে ধরতে শুরু করেন। বলিউডে মি টু আন্দোলনের সূত্রপাত হয় যখন অভিনেত্রী তনুশ্রী দত্ত তার সাথে ১০ বছর আগে ঘটে যাওয়া এক যৌন হয়রানির অভিযোগ সামনে নিয়ে আসেন। একটি সিনেমার শুটিং চলাকালীন সময় সহ-অভিনেতা নানা পাটেকারের দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তোলেন তনুশ্রী।
যদিও নানা পাটেকার সেসময় দাবি করেছিলেন যে তনুশ্রীর অভিযোগ ভিত্তিহীন এবং এই অভিযোগের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ আছে, তা খতিয়ে দেখছেন তিনি। তার পর থেকে বলিউডের সাথে অন্তত ৬০ জনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন ইন্ডাস্ট্রির বিভিন্ন ক্ষেত্রে কাজ করা শিল্পী ও কলাকুশলীরা। তনুশ্রী দত্তের অভিযোগের পর বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পী যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করা শিল্পীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তবে যারা নিজেদের ঘটনা মিডিয়ার সামনে আনতে শুরু করেছিলেন শুধু তাদের পক্ষেই নন, যেসব নারীরা সামাজিক চাপ এবং কাজ না পাওয়ার আশঙ্কায় চুপ থেকেছেন, তাদের সমর্থনেও কথা বলেন অনেক অভিনেতা ও অভিনত্রেী।
অভিনেত্রী রাধিকা আপ্টে বলেন, যেসব নারীরা তাদের সাথে হয়ে যাওয়া যৌন হয়রানির ঘটনা প্রকাশে সাহস পান না, তাদের প্রতিও পূর্ণ সহানূভুতি রয়েছে আমার। কারণ খুব একটা পরিচিত নন এমন অনেক শিল্পীই দ্বিধা করেন এই ভেবে যে, আমি এই বিষয় নিয়ে মুখ খুললেই বা কতটা পরিবর্তন আনতে পারবো। আর চাকরি হারানো বা পেশাগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে অধিকাংশ নারী এ ধরনের বিষয় প্রকাশ করতে চান না বলে মনে করেন রাধিকা আপ্টে। হলিউডে মি টু আন্দোলন ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী নারীদের সমর্থনে তাদের পুরুষ সহকর্মীরা যেরকম অবস্থান নিয়েছিলেন, বলিউডেও সেরকম পরিস্থিতি তৈরি হলে আন্দোলন আরো সফল হতো বলে সেসময় মন্তব্য করেছিলেন রাধিকা আপ্টে। তবে বলিউডের পুরুষ তারকাদের মধ্যে খুব কম সংখ্যকই তাদের নারী সহকর্মীদের বিরুদ্ধে হওয়া যৌন হয়রানির প্রতিবাদের সমর্থনে এগিয়ে আসেন। ‘মি টু’ আন্দোলন সমর্থন করা অভিনেতা ফারহান আখতার মনে করেন নারীরা এসব বিষয়ে যত বেশি সাহসী হয়ে মুখ খুলতে শুরু করবেন, তত দ্রুত নারীদের প্রতি যৌন হয়রানির ঘটনা মোকাবেলা করা সহজ হবে।
তবে তারকাখ্যাতিতে অনেক এগিয়ে থাকলেও অনেক নারীই এ ধরণের ঘটনা জনসম্মুখে আনার ক্ষেত্রে নানা ধরণের সঙ্কোচে ভোগার কারণ ব্যাখ্যা করেন অভিনেত্রী ও মডেল কাল্কি কোয়েচিন। তিনি বলেন, আমি যদি এখন একাট যৌন হয়রানির অভিযোগ তুলি, তখন সাথে সাথেই হয়তো সেটি বড় একটি হেডলাইন হবে। কিন্তু একই সাথে পরিচিত-অপরিচিত অনেক মানুষ আমার চরিত্র নিয়ে কাঁটাছেড়া শুরু করবে বা উল্টো আমাকেই দোষারোপ করবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অসংখ্য কমেন্ট, ট্রল, কানাঘুষা দেখতে হবে আমার। একটা নারীর জন্য এরকম পরিস্থিতি সত্যিই অস্বস্তিকর। প্রযোজক ভিন্তা নন্দা গত বছর অভিযোগ তোলেন যে ১৯৯৯ সালে অভিনেতা অলক নাথ তাকে ধর্ষণ করেছিলেন। অলক নাথের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। জবাবে অলক নাথও অভিযোগ অস্বীকার করে মানহানির মামলা করেন ভিন্তা নন্দার বিরুদ্ধে। তবে অলক নাথকে গ্রেফতার না করেই জামিন মঞ্জুর করে আদালত। জামিন দেয়ার সময় বিচারক মন্তব্য করেন যে তাকে ফাঁসানো হয়ে থাকতে পারে। ভিন্তা নন্দা মনে করেন মি টু আন্দোলনটি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল এবং এখনও সোশ্যাল মিডিয়া কেন্দ্রিকই আছে। এটিকে আইনি স্বীকৃতি দিতে এখনও অনেক কাজ করতে হবে।
যৌন হয়রানির অভিযোগ তোলার কারণে অনেকেই কাজের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন অভিনেতা ও পরিচালক কঙ্কনা সেন শর্মা। তিনি বলেন, অপেক্ষাকৃত কম তারকাখ্যাতি সম্পন্ন বা কম ক্ষমতাশালী এমন অনেক নারীই আছেন যাদের অভিযোগ তোলার পর ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকে হাস্যরসের শিকারও হয়েছেন। এক্ষেত্রে আপনি কতটা ক্ষমতাশালী বা কতটা ক্ষমতাশালী মানুষের সাথে আপনার যোগাযোগ রয়েছে, তার ওপর অনেকাংশেই নির্ভর করে আপনার ভবিষ্যত কী হতে যাচ্ছে। তবে শীর্ষ পর্যায়ের শিল্পীরা এই আন্দোলন নিয়ে সোচ্চার হলেই কেবল এর সফলতা লাভ সম্ভব বলে মনে করেন ভিন্তা নাথ। তিনি বলেন, বলিউডের শীর্ষ সারির শিল্পীদের অর্থ বা সম্মান হারানোর ভয় নেই। যেদিন অন্তত একজন শীর্ষ সারির শিল্পী এই আন্দোলনের সমর্থন করবে, আমি বলবো যে পরিবর্তন শুরু হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার নিয়ে যা বললেন দীপিকা
লোকসমাজ ডেস্ক ॥ বেশ জাঁকজমকভাবে শুক্রবার নিজের ৫৪ তম জন্মদিন পালন করেছেন সালমান খান। একইসঙ্গে এদিন বোন অর্পিতার দ্বিতীয় সন্তানের জন্মও হয়েছে। সালমানের সঙ্গে বলিউডের সব নায়িকাই ছবি করতে চান। সম্প্রতি সালমানের সঙ্গে ছবি করা নিয়ে মুখ খুলেছেন দীপিকা। আপাতত তাঁর পরবর্তী ছবি ‘ছাপাক’র প্রচারে ব্যস্ত দীপিকা টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি অনেক নায়কের সঙ্গেই কাজ করিনি। তালিকায় রয়েছে সালমান, আমির, হৃত্বিক… দেখা যাক কবে কাজের সুযোগ আসে।’
বেশ কয়েক বছর আগে বলিউডে জোর গুঞ্জন শোনা গিয়েছিল, সাজিদ নাদিয়াওয়ালার ‘কিক’ ছবিতে সালমানের সঙ্গে দীপিকাকে দেখা যাবে। যদিও পরে সেই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনয় করেছিলেন। অন্যদিকে, সালমানকেও দীপিকার সঙ্গে কাজ করার কথা বলা হলে তিনিও আগ্রহী বলেই জানিয়েছিলেন। দীপিকার এমন মন্তব্যে অবশ্য আশার আলো দেখছেন ফ্যানেরা। সাল্লু ভাইয়ের সঙ্গে দীপিকার জুটিও দারুণ জমবে বলে মনে করছেন তাঁরা। মেঘনা গুলজারের ছাপাক ছবিতে বাস্তবের অ্যাসিড আক্রান্ত তরুণী লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করছেন দীপিকা। তাঁর সঙ্গে ছবিতে দেখা যাবে বিক্রান্ত মাসিকে। ছবিটি ২০২০ সালের ১০ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা।
শিশুকে ঠাণ্ডা-কাশি থেকে বাঁচাতে যা করবেন
লোকসমাজ ডেস্ক ॥ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম থাকে। শীতে পরিবেশের তাপমাত্রা কমে যায়, কমে মানবদেহের তাপমাত্রাও। এতে দেহের বায়োকেমিক্যাল প্রক্রিয়ার বিঘ্ন ঘটে। শীতে শিশুরা ঠাণ্ডা-কাশির সমস্যায় বেশি ভোগে। শীতকালে বাতাসে অনেক জীবাণু ভেসে বেড়ায়, বিশেষ করে ভাইরাস বেশি থাকে। এগুলো শ্বাসনালির মাধ্যমে দেহে প্রবেশ করে ঠাণ্ডা-কাশির মতো রোগের সৃষ্টি করে।
ঠাণ্ডা-কাশি থেকে বাঁচতে করণীয়
ঠাণ্ডা-কাশি অত্যন্ত ছোঁয়াচে রোগ। ঠাণ্ডা যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য কয়েকটি পদক্ষেপ মেনে চলা জরুরি।
• কিছুক্ষণ পর পর শিশুদের গরম পানি ও সাবান দিয়ে হাত ধুয়ে দিতে হবে।
• ঠাণ্ডায় আক্রান্ত ব্যক্তির সঙ্গে শিশুদের তোয়ালে বা গৃহস্থালির দ্রব্যাদি ভাগ করবেন না।
• ঠাণ্ডায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে শিশুকে দূরে রাখুন।
• শিশুকে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার নিয়ম মেনে চলতে শেখান।
শীতে ত্বকের যত্নে করণীয়
লোকসমাজ ডেস্ক ॥ কমে এসেছে তাপমাত্রা। বাতাস শুষ্ক হয়ে গেছে, তীব্র শীতে কমে যাচ্ছে ত্বকের গ্লো। তাই ত্বকের যত্ন না নিলে ফাটা ত্বক নিয়ে এই শীত কাটাতে হবে। তাই চলুন জেনে নেওয়া যাক শীতে ত্বকের সুরক্ষার করণীয় দিকগুলো: সাবান ত্যাগ করুন : সুগন্ধী সাবান আপনাকে একদিনের জন্য ফ্রেস রাখতে পারে। কিন্তু আপনার ত্বককে তা রুক্ষ করে দেয়। ত্বক রুক্ষ হতে শুরু করলে ডিহাইড্রেট ফ্রি সাবান ব্যবহার বন্ধ করুন। এই শুষ্ক সময় ব্যবহার করুন ক্রিমযুক্ত বডি-ওয়াশ। লোশন ছেড়ে তুলে নিন ক্রিম: বাতাস শুষ্ক হয়ে যাওয়ায়, ত্বকের প্রচুর পরিমাণে আর্দ্রতা দরকার। ক্রিম একটা তৈলাক্ত আবরণ তৈরি করে। ফলে লোশন ছেড়ে ক্রিম ব্যবহারই বাঞ্ছনীয়। ঠোঁট বাঁচান: শীতে ফাটা ঠোঁট বড় একটা সমস্যা। শীতে ঠোঁট ফাটার হাত থেকে বাঁচাতে ব্যবহার করুন নন-পেট্রোলিয়াম জেল। এবার একটা হ্যান্ড ক্রিম কিনেই নিন : শীতে হাতের চামড়ার খুব ক্ষতি হয়। শরীরের যত্ন নিয়ে হাতের দিকে নজর দেন না অনেকেই। এবার এটা না করে হাতের দিকেও নজর দিন। হ্যান্ড ক্রিম হাতের ত্বককে নরম করে ও রুক্ষতার হাত থেকে বাঁচায়।
প্রচুর পরিমাণে পানি পান করুন: শুধু বাইরের দিক থেকে রুক্ষতা প্রতিরোধ করাই নয়। নিজেকে ভিতর থেকে সজীব ও সতেজ রাখার জন্য প্রচুর পানি পান দরকার। এমনিতে বেশি পানি খাওয়ার উপকারিতার কোন বিকল্প নেই? এই শীতে তা ত্বক তো বটেই, সারা শরীরে সুস্থতার জন্যই কাজ দেবে। সবজি ও ফল খান: প্রতিটি ঋতুতে শরীরে কী কী উপাদানের ঘাটতি পড়ে আর কী দরকার, সেই হিসেবেই আসে মৌসুমি ফল ও সবজি। শীতে সবজির সমাহার। সবজি ভাল লাগে না বলে নাক কুঁচকোবেন না। বরং এই সবজির ভিটামিনই আপনার স্বাস্থ্য ও ত্বককে সতেজ রাখবে। ফলও একান্ত প্রয়োজনীয়৷ জরুরি ভিটামিন ও খনিজ সরবরাহে এদের বিকল্প নেই।
সকালে নিয়মিত লেবু পানি পানের উপকারিতা
লোকসমাজ ডেস্ক ॥ আমরা সাধারণত খাবারের স্বাদ বাড়াতে এবং গরমের দিনে শরবত তৈরি করতে লেবু ব্যবহার করি। কিন্তু এর উপকারিতা এখানেই শেষ না। লেবুতে আছে ভিটামিন সি এবং খনিজ উপাদান যা আমাদের হৃদযন্ত্রের ধড়ফড়ানি কমানো থেকে ফুসফুসকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে। আর সকাল সকাল লেবু পানি পান করা আরও ভালো। নিয়মিত সকালে এক কাপ লেবু পানি পান করলে আপনাদের দেহ পাবে জাদুকরী উপকারিতা।
১. পাকা লেবুতে থাকে ইলেকট্রোলাইটস (যেমন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি)। সকাল সকাল লেবু পানি আপনাকে হাইড্রেট করে, শরীরে যোগান দেয় এইসব প্রয়োজনীয় উপাদানের যা দেহের পানিশূন্যতা দূর করে।
২. লেবুপানি দেহের ত্বকের জন্য খুবই ভাল। লেবুর ভিটামিন সি উপাদান দেহের ত্বক ও টিস্যুর জন্য খুব জরুরি। তাই ত্বকের যে কোন সমস্যা রোধ করতে প্রতিদিন লেবুপানি পান করুন। আপনার ত্বককে করে তোলে সুন্দর ও পরিষ্কার।
৩. বুক জ্বলা পড়া দূর করে। যাদের এই সমস্যা আছে রোজ আধা কাপ পানির মাঝে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন।
৪. অন্য যে কোন খাবারের চেয়ে লেবু পানির ব্যবহারে লিভার অনেক বেশি দেহের জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি করতে পারে।
৫. আপনার নার্ভাস সিস্টেমে দারুণ কাজ করে। সকাল সকাল লেবুর পটাশিয়াম আপনার বিষণ্ণতা ও উৎকণ্ঠা দূর করতে সহায়ক।
৬. উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে।
৭. লেবু পানি শরীরের রক্তবাহী ধমনী ও শিরাগুলোকে পরিষ্কার রাখে।
৮. হাড় জয়েন্ট ও মাসল পেইন কমায় দ্রুত।
৯. সকাল সকাল চা বা কফি পান করে দিন শুরু না করে লেবু পানি পান করে দেখুন। নিজের এনার্জিতে নিজেই বিস্মিত হবেন! আপনার নার্ভাস সিস্টেমে দারুণ কাজ করে। সকাল সকাল লেবুর পটাশিয়াম আপনার বিষণ্ণতা ও উৎকণ্ঠা দূর করতে সহায়ক।
১০. গর্ভবতী নারীদের জন্য খুবই ভালো লেবু পানি। এটা শুধু নারীর শরীরই ভালো রাখে না। বরং গর্ভের শিশুর অনেক বেশি উপকার করে। লেবুর ভিটামিন সি ও পটাশিয়াম শিশুর হাড়, মস্তিষ্ক ও দেহের কোষ গঠনে সহায়তা করে। মাকেও গর্ভকালে রোগ বালাই থেকে দূরে থাকে।
যেভাবে পান করবেন :
সামান্য উষ্ণ পানি বা এই গরমের দিনে কক্ষ তাপমাত্রার পানিতেই মিশিয়ে নিন লেবুর রস। লাইম নয়, লেমনের রস। পাকা, অর্থাৎ পেকে হলুদ হয়ে যাওয়া লেবুর রস। নাহলে খালি পেটে অ্যাসিডিটির সমস্যা হতে পারে! আপনার ওজন যদি ১৫০ পাউন্ডের কম হয়, তাহলে অর্ধেক লেবুর রস এক গ্লাস পানিতে মেশাবেন। আর যদি ১৫০ পাউনডের বেশি হয়, তাহলে মেশাবেন পুরো একটা লেবুর রস।
ঝিনাইদহ কেসি কলেজ ছাত্র হোস্টেলের টয়লেটের ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থিত ঝিনাইদহ সরকারি কেসি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের টয়লেটের মলযুক্ত ময়লা পানির দুর্গন্ধে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিশেষ করে পুলিশবক্সে বসে কোন ট্রাফিক ও পুলিশ সদস্য ডিউটি করতে পারছেন না। টয়লেটের উৎকট গন্ধে মানুষ নাকে রুমাল দিয়ে চলাফেরা করছেন। শনিবার দুপুরে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, কেসি কলেজের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ছাত্রাবাসের চারিদিকে ময়লা পানিতে সয়লাব। বিশেষ করে ছাত্রাবাসের সামনের অংশে যেখানে পুলিশ বক্স অবস্থিত সেখানে প্রাচীরের পাশে ময়লা পানি জমে আছে। ছাত্রাবাসের ট্যাংকি উপচে পানি রাস্তায় প্রবাহিত হচ্ছে। সব ট্যাংকিগুলো ভরে গেছে। ছাত্ররাও দুর্গন্ধে পড়ালেখা করতে পারছেন না।
অভিযোগ রয়েছে, ছাত্রাবাসটি নির্মাণের পর থেকে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা রাখা হয়নি। ফলে গোসলের পানি ও টয়লেটের পানিতে একাকার হয়ে যাচ্ছে। গত আষাঢ় মাস থেকেই ছাত্রাবাসের পানি একের পর এক বের হয়ে রাস্তায় আসলেও কলেজ কর্তৃপক্ষ পৌরসভার দিকে তাকিয়ে আছে। অথচ কলেজ কর্তৃপক্ষ নির্মাণাধীন প্রতিষ্ঠান দিয়ে ড্রেনের কাজ করাতে পারতো। তাছাড়া কলেজ ফান্ড থেকে তারা স্থায়ী ব্যবস্থা করতে পারলেও তা না করে ট্যাংকি পরিষ্কার করেই দায় এড়িয়ে যাচ্ছে। ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, আমরা দুর্গন্ধে ঠিকমতো পুলিশ বক্সে বসতে পারছি না। পুলিশ ভাইয়েরা ও পথচারীরা খুব কষ্টে আছেন। পথচারী গোলাম রসুল বলেন, আমরা কেসি কলেজের হোস্টেলের পাশে যখন যানবাহনের জন্য অপেক্ষা করছিলাম, তখন উৎকট গন্ধে বমি আসছিল। বিষয়টি নিয়ে কেসি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও হোস্টেল সুপার রফিকুল ইসলাম বলেন, এক মাস আগে আমরা ট্যাংকি পরিষ্কার করেছি। স্থায়ী ড্রেন না থাকায় কোন সুরাহা হচ্ছে না। এ জন্য পানি সরছে না। তিনি বলেন, ড্রেন করার জন্য পৌরসভাকে বলা হয়েছে।
আজকের রাশিফল
লোকসমাজ ডেস্ক ॥ আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মকর রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ পরমযোগী গ্রহ শনি, মহারাজ বুদ্ধির দেবতা বুধ ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সন্তান-সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে তথা পুরস্কৃত হতে পারে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল] গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। লৌকিকতায় উপহারও পাবেন। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে] হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতি হতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে।
মিথুন [২১ মে-২০ জুন] ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয়-বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকা শ্রেয় হবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই] হাতে থাকা প্রায় কাজই সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। শ্রমিক-কর্মচারী ও ড্রাইভারদের মনে স্বতঃস্ফূর্ততা কাজ করবে। দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট] আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারে শোকের মাতম চলতে পারে। অবশ্য সংকটকালে জীবনসাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। শুভাশুভ মিশ্রফল প্রদান করবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর] দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট হতে পারে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর] গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করবে। শত্রু ও বিরোধীপক্ষ লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর] দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্র্রাপ্ত হবেন। প্রেমিকযুগল সতর্কতার সঙ্গে চলাফেরা করুন নচেৎ বিপদে পড়তে পারেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর] বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। বেগবান যান এড়িয়ে চলুন। দীর্ঘদিনের পাওনা টাকা আদায় ও আটকে থাকা কাজ সচল হওয়ায় মন আনন্দে নাচবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি] শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে। রাগ জেদ অহংকার বর্জনের সঙ্গে পরিশ্রমী ও মিতব্যয়ী হলে প্রচুর উন্নতি করতে সক্ষম হবেন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি] লটারি ফাটকা জুয়া রেস শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। দীর্ঘদিনের লালিত স্বপ্নসাধ পূরণের পথ খুলবে। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ] ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। যোগ্যকর্ম ও উচ্চশিক্ষার্থে বিদেশগমনের পথ প্রশস্ত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে তথা কোনো না কোনো পুরস্কার পাবে।
প্রার্থী চূড়ান্ত দুই দলের :
বিএনপির তাবিথ ও ইশরাক, আ.লীগের আতিক ও তাপস
লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা দুই সিটি করপোরেশনে ভোটযুদ্ধে লড়তে বিএনপি মেয়র প্রার্র্থী ঘোষণা করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ নৌকার দুই মাঝির নাম প্রকাশ করবে আজ (রবিবার)। গতকাল সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ঢাকা উত্তর সিটির মেয়র পদে মো. আতিকুল ইসলামের নাম আলোচনা হলেও চূড়ান্ত হয়নি। দক্ষিণ সিটিতে মেয়র পদে মনোনয়ন বোর্ডের অধিকাংশ সদস্যই ঢাকা-১০ আসনের এমপি ব্যারিস্টার ফজলে নূর তাপসকে সমর্থন দেন। তবে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও অবস্থান কিছুটা ছিল বর্তমান মেয়র সাঈদ খোকনের পক্ষে। তবে এ সিটির মেয়র পদও চূড়ান্ত করতে পারেনি বোর্ড। আজ বেলা ১১টায় ধানমন্ডির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করবে আওয়ামী লীগ। গতকাল গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
এদিকে উত্তর সিটিতে বিএনপি পুরনো মেয়র প্রার্থী তাবিথ আউয়ালে ভরসা রাখলেও দক্ষিণে নতুন মুখ প্রকৌশলী ইশরাক হোসেন। এর আগে দক্ষিণে লড়েছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এবার অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের হাতেই ধানের শীষ তুলে দেওয়া হলো। প্রার্থীদের নাম ঘোষণার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিচার-বিশ্লেষণ ও পর্যালোচনা করছি। প্রধানমন্ত্রী নিজে থেকেও খোঁজ নিচ্ছেন। গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেওয়া হয়েছে। সবকিছু বিচার-বিশ্লেষণ করতে আমাদের একটু সময় লাগছে। আজ বেলা ১১টায় ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে উভয় সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।’ ঢাকায় বিএনপির মেয়র প্রার্থী ইশরাক ও তাবিথ : ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইশরাক হোসেন ও তাবিথ আউয়ালকে মনোনয়ন দিল বিএনপি। গতকাল বিকালে গুলশানে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সবাই পার্লামেন্টারি বোর্ডের সদস্য। ঢাকা উত্তরে তাবিথের পাশাপাশি দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনও মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁরা তিনজন গতকাল বিকাল ৪টায় বিএনপির গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের সামনে উপস্থিত হন। লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের বৈঠকে মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ড আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সবকিছু বিবেচনা করে উত্তরে তাবিথ আউয়াল ও দক্ষিণে ইশরাক হোসেনকে মনোনয়ন দিয়েছেন। ‘আন্দোলনের অংশ হিসেবে’ বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক দল, আমাদের পক্ষে নির্বাচনে থাকাটাই উপযোগী কাজ। তার মধ্য দিয়েই আমরা আমাদের আন্দোলনটা আরও বেগবান করতে সক্ষম হব, জনগণের কাছে যেতে সুযোগ সৃষ্টি হবে। গত নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন সেই সুযোগ আমাদের দেয়নি। এ নির্বাচন সুষ্ঠু হবে, তা আমরা মনে করি না। তার পরও আমরা এ নির্বাচনে যাচ্ছি আন্দোলনের অংশ হিসেবে।’
বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে। ২০১৫ সালে ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যে অনিয়মের অভিযোগ তুলে বর্জনের ঘোষণা দিয়েছিলেন তিনি। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী আরেক ব্যবসায়ী প্রয়াত আনিসুল হক। তাঁর মৃত্যুর পর ঢাকা উত্তরে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়ে মেয়র পদে রয়েছেন আরেক ব্যবসায়ী আতিকুল ইসলাম। এবারও তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন। অন্যদিকে ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে বিএনপির প্রার্থী ছিলেন স্থায়ী কমিটির সদস্য সাবেক মেয়র মির্জা আব্বাস। এবার সেখানে এলেন খোকাপুত্র ইশরাক। এ সিটিতে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনি একাই ছিলেন। নির্বাচিত হলে ‘বাসযোগ্য আধুনিক ঢাকা’ গড়ার অঙ্গীকার তাবিথ আউয়ালের, ‘নগর সরকার’ আদলে ঢাকাকে সাজানোর অঙ্গীকার ইশরাক হোসেনের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের দলীয় মনোনয়ন দেওয়ার ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় এ প্রতিশ্রুতির কথা জানালেন তাঁরা। তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন উভয়ে তাঁদেরকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নেতা-কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানান। তাঁরা মনে করেন, এটা প্রাথমিক বিজয় শুধু তাঁদের নয়, বাংলাদেশের গণতন্ত্রকামী সব কর্মীর। নগর ও দেশবাসীর কাছে দোয়াও চান তাঁরা। বিজয়ী হলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ‘ঢাকা শহরের প্রতিটি সেক্টর নিম্নস্থানে আছে। গণতন্ত্র রক্ষা করতে হবে, মানুষের যে ন্যূনতম অধিকারগুলো আছে সেগুলো রক্ষা করতে হবে। তার পাশাপাশি ঢাকাকে উন্নয়ন করতে হবে। জনকল্যাণে জনগণের জন্য আমরা প্রস্তুত হচ্ছি।’
ইশরাক হোসেন বলেন, ‘ক্ষমতার ভারসাম্যের অনুপস্থিতির কারণেই কিন্তু আমাদের ঢাকা আজকে বিশ্বের সবচেয়ে অবসবাসযোগ্য নগরীর মধ্যে অন্যতম। কারণ এখন যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের মধ্যে জনগণের প্রতি বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই। তাঁরা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেননি। যে পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে ১২ বছরে, এটা দিয়ে ঢাকা কেন বাকি ১২টি সিটি করপোরেশন উন্নত করা সম্ভব ছিল।’ তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের যে অথরিটি দেওয়া আছে তা দিয়ে ঢাকার সমস্যার সমাধান ও উন্নত নগরী করা সম্ভব নয়। ঢাকাকে অবশ্যই একটি মেট্রোপলিটন গভর্নমেন্ট অথবা নগর সরকারের আদলে সাজাতে হবে।’ বিএনপির কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত আজ : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কাউন্সিলর পদে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের থেকে যাচাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করতে কমিটি করেছে বিএনপি। উত্তরে দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের নেতৃত্বে বাছাই কমিটিতে রয়েছেন আবদুল আউয়াল মিন্টু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এম এ কাইয়ুম, বজলুল বাসিত আনজু, আহসান উল্লাহ হাসান ও সুলতানা আহমেদ। দক্ষিণে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের নেতৃত্বে বাছাই কমিটিতে রয়েছেন মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, হাবিব-উন-নবী খান সোহেল, আফরোজা আব্বাস, কাজী আবুল বাশার ও নবীউল্লাহ নবী।
অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নেতৃত্বে সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর বাছাই কমিটিতে রয়েছেন আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, জেবা খান, নিপুণ রায়চৌধুরী এবং মহিলা দলের উত্তর ও দক্ষিণের সভাপতি। এ দুই কমিটি আজ সকাল ৯টায় গুলশানের কার্যালয় এবং নয়াপল্টনে মহানগরী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে প্রার্থী চূড়ান্ত করবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। দুই সিটিতে মোট প্রার্থী ২১১০ জন : নির্বাচন কমিশন জানিয়েছে, দুই সিটিতে মেয়র পদে নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ জন। কাউন্সিলর পদে সব মিলিয়ে ২ হাজার ১১০ প্রার্থী দুই রিটার্নিং অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় শেষ হচ্ছে। সে হিসেবে প্রার্থীরা আর মাত্র দুই দিন সময় পাচ্ছেন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে সাত, সাধারণ কাউন্সিলর পদে ৭৫৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে গতকাল মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ ফজলে বারী মাসুদ ও পিডিপির শাহীন খান। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গতকাল পর্যন্ত মেয়র পদে চার, সাধারণ কাউন্সিলর পদে ৯৯৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে গতকাল মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান।









