৯ হাজার ইয়াবাসহ যশোর আসার পথে খুলনায় আটক ২, জাল টাকা উদ্ধার

0

খুলনা ব্যুরো॥ খুলনায় ৯ হাজার পিস ইয়াবা এবং জাল টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন আউটার পাস ইমাদ পরিবহনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দু’জনের মধ্যে একজন রোহিঙ্গা। বিকেলে কেএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন, কক্সবাজার জেলার কুতুপালং ক্যাম্প ১ ইস্ট এ ১৬ ব্লকের মোজার মিয়ার ছেলে তৌহিদুল করিম এবং যশোরের কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামের মো. শহিদুল খানের ছেলে ইমরান খান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. কুতুব উদ্দিন বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি, কক্সবাজার থেকে খুলনায় বিপুল পরিমাণ মাদকের চালান আসছে। চালানটি ধরার জন্য পুলিশের একটি দল সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়কে তল্লাশি করতে থাকে।

তিনি বলেন, কক্সবাজার থেকে খুলনা হয়ে বলেশ্বর পরিবহনটি যশোরে যায়। সকাল সোয়া ৯টার দিকে ওই পরিবহন আউটার বাইপাস সড়কে প্রবেশ করে। তখন গাড়ির মধ্যে তল্লাশি চালানো হয়। এ সময়ে গ্রেফতার হওয়া ওই দু’যুবকের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের তল্লাশি চালানো হয়। পুলিশ তাদের কাছে থাকা একটি স্কুলের ব্যাগের মধ্য থেকে ৯ হাজার পিস ইয়াবা, চার হাজার জাল টাকা ও দু’টি মোবাইল ফোন জব্দ করে। এ সময়ে পুলিশ তাদের একজনের কাছ থেকে একটি ভুয়া এনআইডি কার্ড জব্দ করা হয়।

তিনি আরও বলেন, মাদকের চালনটি তারা খুলনা হয়ে যশোর নিয়ে যাচ্ছিল। এর আগে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলেও এটি খুলনার সবচেয়ে বড় চালান। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা প্রস্তুতি চলছে।