৪ বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেকের ভূমিকা কী হবে

0
মিরাজের নেতৃত্বাধীন দলে মোসাদ্দেকের ভূমিকা কী হবে ।। ছবি: সংগৃহীত

চার বছর পর বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে দলে তাঁকে নিয়েছে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। একটা সময় মনে হচ্ছিল তাঁর জন্য জাতীয় দলের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন তো বলেই দিয়েছিলেন, যত দিন মেহেদী হাসান মিরাজ দলে আছেন তত দিন মোসাদ্দেকের সুযোগ নেই। পরে অবশ্য সেই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তিনি।

মিরাজ বলছেন, সংঘাত নেই

দুজনই ডানহাতি ব্যাটসম্যান, লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেন এবং অফ স্পিন বোলার। এই ধরনের মিল থাকায় একাদশে দুজনকে একসঙ্গে রাখা নিয়ে কিছুটা সংশয় থাকলেও ওয়ানডে অধিনায়ক মিরাজ বিষয়টিকে বড় করে দেখছেন না।

সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি আর মোসাদ্দেক একসঙ্গে বাংলাদেশ দলে অনেক দিন খেলেছি, আপনারা যদি দেখেন ২০১৯ বিশ্বকাপও আমরা একসঙ্গে খেলেছি। আমার মনে হয় না এটা কোনো আলাদা ইস্যু হবে। মোসাদ্দেক তার ভূমিকা রাখবে, আমি আমারটা।’

দুজনের খেলার ধরনের পার্থক্য তুলে ধরে মিরাজ বলেন, ‘মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি বোলিং অলরাউন্ডার। দুজনের ভূমিকা আলাদা। ও যদি পারফর্ম করতে পারে, এটা আমার জন্য এবং দলের জন্য বড় সাহায্য হবে।’

ঘরোয়া পারফরম্যান্সই এনে দিল ফেরার সুযোগ

প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে আবাহনীর হয়ে ৭ ইনিংসে ৬৭ দশমিক ৩৩ গড় ও ১৩৩ দশমিক ৩৩ স্ট্রাইক রেটে ৩৩৬ রান করেছেন মোসাদ্দেক। বল হাতেও নিয়েছেন ১২ উইকেট। এই পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলে ফেরার পথ খুলে দিয়েছে। মিরাজ বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে ও অনেক বছর ধরে পারফর্ম করছে এবং খুব ভালো ক্রিকেটও খেলছে। আমার কাছে মনে হয় এটাই সঠিক সময় ওকে দলে নেওয়ার।’

উল্লেখ্য, ২০১৬ সালে ওয়ানডেতে অভিষেক হয় মোসাদ্দেকের, এক বছর পর মিরাজের। এখন পর্যন্ত মোসাদ্দেক ৪৩ ও মিরাজ ১২০টি ওয়ানডে খেলেছেন। দুজন একসঙ্গে মাঠে নেমেছেন এমন ওয়ানডে ম্যাচ আছে ২৭টি।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল মিরপুরে।