৩ কালভার্ট উন্মুক্ত: যশোরে সদরে গ্রামীণ যোগাযোগের উন্নয়ন

0
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও দেয়াড়া ইউনিয়নে ৬৫ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত তিনটি সেতু জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে সেতুগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নওয়াপাড়া এবং দেয়াড়া ইউনিয়নে সড়কে নবনির্মিত তিনটি কালভার্ট মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।  শুক্রবার (১৯ জুন) সকালে সেগুলোর উদ্বোধন করেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিটি কালভার্ট উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সেখানে বৃক্ষরোপণ করেন।

টেকসই অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গ্রামীণ পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ।। ছবি: লোকসমাজ

যশোর সদর উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এই অবকাঠামোগুলো নির্মিত হয়েছে। মোট ৬৫ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা ব্যয়ে তিনটি কালভার্ট নির্মাণ করা হয়। এগুলোর অবস্থান যথাক্রমে— নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া শান্তি মোড় মধ্যপাড়া খালের ওপর, একই ইউনিয়নের তরফদার পাড়া থেকে আড়াপাড়ায় যাওয়ার রাস্তা এবং দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে গোডাঙ্গা খালের ওপর। উল্লিখিত সড়কগুলো ওই এলাকার মানুষের যাতায়াতের প্রধান পথ। সেখানে নতুন কালভার্ট নির্মাণ হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে দীর্ঘদিনের ভোগান্তি দূর হল বলে অভিমত স্থানীয়দের।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।