২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

0
অংশীজনদের মতামতের পরিপ্রেক্ষিতে ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারি ও জুনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে। আর একই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে ২০২৭ সালের এই দুটি পাবলিক পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষার্থীসহ অংশীজনেরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাদের বক্তব্য ছিল, হঠাৎ করে ডিসেম্বরে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য সমীচীন হবে না। তাদের পরামর্শ ছিল, এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়া হোক, পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে তা ডিসেম্বরে আনা যেতে পারে।

বুধবার শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত অংশীজনদের মতবিনিময় সভায় এই অভিমত উঠে আসে। সভায় উপস্থিত দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অংশীজনদের মতামতের পর ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। করোনা পরিস্থিতির পর থেকে এই সূচি আর বজায় রাখা সম্ভব হয়নি, বরং পরীক্ষার তারিখ ক্রমশ পিছিয়েছে। চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে গত ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে জুলাই মাসে।