১৪ কোটি ওঠার পর দিপক চাহার বললেন, দামটা আর না উঠুক!

0

লোকসমাজ ডেস্ক॥ দাম বেড়েই চলেছে। তাকে নিয়ে আইপিএলের মেগা নিলামে তুমুল টানাটানি। ভিত্তিমূল্য ২ কোটি রুপির দিপক চাহারকে কেনার জন্য রীতিমতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল চারটি ফ্রাঞ্চাইজি। শুরুতে লড়াই চলছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। পরে তাকে কেনার লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত বাকি তিন ফ্রাঞ্চাইজিকে হারিয়ে ১৪ কোটি রুপিতে দিপক চাহারকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস, তারই পুরোনো দল। হ্যাঁ, ১৪ কোটি রুপি! এত দাম শুনে দিপক নিজেই ঘাবড়ে গিয়েছিলেন। জাতীয় দলের এই তারকা নিজেই নাকি চাইছিলেন, তার দাম আর না উঠুক! আজব কথাই বটে! রোববার নিলামের দ্বিতীয় দিন চাহার শুনিয়েছেন সেই অভিজ্ঞতার কথা। কেন চাইছিলেন দামটা আর না বাড়ুক, সেই ব্যাখ্যাও দিলেন ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডার। দিপক বলেন, ‘জাতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে আছি। হোটেলে নিজের ঘরে বসে নিলাম দেখছিলাম। যখন আমার দাম ১৪ কোটিতে উঠে যায়, ভাবছিলাম এর চেয়ে বেশি পাওয়া উচিত নয়। চেন্নাই সুপার কিংস যদি দরকষাকষি থেকে সরে দাঁড়াতো আমার খুব খারাপ লাগতো। আমি সিএসকের হয়েই খেলতে চেয়েছিলাম কারণ হলুদ জার্সি ছাড়া নিজেকে ভাবতে পারি না।’ সঙ্গে যোগ করেন, ‘একবার মনে হয়েছিল অনেক বেশি দাম উঠে গেছে। মনে হচ্ছিল, সিএসকের দলটাও ভালো হওয়া উচিত। ১৩ কোটি দাম উঠে যাওয়ার পরই মনে হচ্ছিল, এবার থামুক। তাহলে সিএসকে আরও কিছু ক্রিকেটার কিনতে পারবে।’