হবিগঞ্জে বিএনপি ও এনসিপির পাল্টা-পাল্টি কর্মসূচি, পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

0
হবিগঞ্জ পৌর এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে সভা-মিছিল নিষিদ্ধ করেছে।। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলোর পাল্টা-পাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক।

জেলা প্রশাসনের জারি করা আদেশে উল্লেখ করা হয়, আজ ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার আয়োজন করে। একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। দুটি কর্মসূচিতেই উভয় পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে।

কর্মসূচিগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা দেখা দেওয়ায় যেকোনো মুহূর্তে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সার্বিক জনস্বার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে প্রশাসন তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপ গ্রহণ করে।

আদেশ অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার আওতায় হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং এবং যেকোনো ধরনের বিকট শব্দ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।