সেপ্টেম্বর থেকে মালয়েশিয়া শ্রমিক যাওয়া শুরু হবে, ১০ হাজার যাবে বিনা খরচে

0
মালয়েশিয়ার হাইকমিশনারের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।। ছবি: সংগৃহীত

আসন্ন সেপ্টেম্বর মাসের শেষভাগ থেকে আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে ২ লাখ নতুন কর্মী নেওয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে বা ‘জিরো কস্টে’ ১০ হাজার কর্মী নেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন উদীয়মান খাতে বাংলাদেশে ২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া সরকার।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমেই এই দুই লাখ কর্মী পাঠানোর মোট প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এর পাশাপাশি একটি বিশেষ প্রক্রিয়ায় আরও ১০ হাজার কর্মীকে কোনোপ্রকার খরচ ছাড়া মালয়েশিয়া গ্রহণ করবে, যার রিক্রুটমেন্ট প্রক্রিয়াও সেপ্টেম্বরের শেষ দিক থেকেই শুরু হবে।

মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ৮ লাখ নিবন্ধিত বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নিবন্ধিত কর্মীদের বাইরেও বেশ কিছু অনিবন্ধিত শ্রমিক সেখানে অবস্থান করছেন। বৈঠকে তাদের দ্রুত নিবন্ধনের আওতায় আনতে বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী হাইকমিশনারকে বিশেষ অনুরোধ জানিয়েছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সাথে শিক্ষায় পারস্পরিক সহায়তার চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের প্রায় ১০ হাজার শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। একইভাবে মালয়েশিয়ার প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজসহ বিভিন্ন নামকরা চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন।

তবে পূর্ব নির্ধারিত আলোচনার বাইরে, সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির জন্য পাঠানো চিঠির বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, আজকের বৈঠকে এই বিষয়ে কোনো কথা হয়নি।