সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

0
শাপলা চত্বরের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।। ফাইল ছবি: সংগৃহীত

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও প্রাণহানির মামলায় অভিযুক্ত সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে আবেদন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

চিফ প্রসিকিউটর স্বাক্ষরিত এক চিঠিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) সংশ্লিষ্ট বিধি অনুসরণ করে জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। চিঠিতে এ বিষয়ে অগ্রগতি ও প্রয়োজনে প্রসিকিউশনকে বিস্তারিত তথ্য অবহিত করতে বলা হয়েছে।

এই চিঠি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-এর অতিরিক্ত আইজি বরাবর পাঠানো হয়েছে।

তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পদে দায়িত্ব পালন করা আজিজ আহমেদের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, “জেনারেল (অব.) আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারবো বলে আমরা মনে করি।”

তিনি আরও জানান, শাপলা চত্বরের ঘটনায় এটিই প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া। পর্যায়ক্রমে বিদেশে থাকা অন্যান্য পলাতক আসামিদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ২৭ জুলাই শাপলা চত্বরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলাটির অন্য আসামিদের তালিকায় রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, লতিফ সিদ্দিকী, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এছাড়া সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রূপার নামও আসামির তালিকায় রয়েছে।