সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

0
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ২৪ কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (৭ ডিসেম্বর) দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমিশন কোনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না, বরং অভিযোগের বস্তুনিষ্ঠতাকে গুরুত্ব দেয়।

জানা গেছে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শেষে ২০২৩ সালের এপ্রিলে আবদুল হামিদ রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত তিন তলা ডুপ্লেক্স বাড়িতে সপরিবারে ওঠেন।

তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, ওই বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাঁধা, নান্দনিক ডেক, ঝুলন্ত ব্রিজ এবং খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি করা হয়েছে, যা ২৪ কোটি টাকা পর্যন্ত হতে পারে। এই বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতিসাধন এবং একই সঙ্গে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টিই দুদক তদন্ত করে দেখছে।