শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ও শৈলকুপা সংবাদদাতা॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার এমপি মোড়ে সোমবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামের জাকের আলী শেখের ছেলে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের এমপি মোড়ে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ জাবেদ আলী। এ সময় একটি দ্রুত গতির মোটরসাইকেল বৃদ্ধ জাবেদকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্যে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি মাসুম খান জানান। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।