শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: শামা ওবায়েদ

0
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ।। ছবি: সংগৃহীত
গণঅভ্যুত্থানের মুখে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক না কেন, তাকে আগে কারাগারে যেতে হবে বলে স্পষ্ট মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ। আজ সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “শেখ হাসিনা ভারত বা বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে। দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের আমলে নেওয়ার কিছু নেই।” তিনি আরও উল্লেখ করেন যে, বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে।

শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কেমন হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, তিনি বাংলাদেশে ফিরলে দেশের বিদ্যমান আইন অনুযায়ী তাকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে এবং ওনাকে জেলে যেতে হবে। সে ক্ষেত্রে আইন সম্পূর্ণভাবে আইনের গতিতেই চলবে।

সাবেক প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নানা বিবৃতির দিকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, একজন আসামি যদি আত্মসমর্পণ না করে রাজনৈতিক বক্তব্য দেয়, তবে বুঝতে হবে তিনি এসব উসকানিমূলক বক্তব্য দিয়ে ওনার দলের পালিয়ে থাকা নেতাকর্মীদের জাগ্রত করার চেষ্টা করছেন, যা ছাড়া অন্য কোনো কারণ তিনি দেখছেন না।

ভারতে শেখ হাসিনার আত্মসমর্পণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, “উনি কী ভারতের নাগরিক? তাহলে ওখানে থানায় কী করবে না করবে এটা ওনার ব্যাপার।”

তিনি পরিষ্কার করে বলেন, একজন আসামি কোথায় আত্মসমর্পণ করবেন সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং এখানে সরকারের সুনির্দিষ্ট কোনো ভূমিকা নেই। তিনি বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে কিংবা সরাসরি বাংলাদেশে এসে যেখানেই আত্মসমর্পণ করুক না কেন, আইনি প্রক্রিয়া একই থাকবে; ওনাকে জেলে যেতে হবে এবং ওনার যে সাজা হয়েছে তার মুখোমুখি হতে হবে।

ভারতের মাটিতে বসে শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রসঙ্গে দিল্লির কাছে বর্তমান সরকার কোনো প্রতিবাদ জানাবে কিনা—এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সবকিছু বিবৃতি দিয়ে গণমাধ্যমকে জানানোর প্রয়োজন পড়ে না। ভারতের সঙ্গে বাংলাদেশের যে নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় হয়, তখন এই বিষয়গুলো অবশ্যই আলোচনার টেবিলে থাকে। একজন আসামি দেশের বাইরে থাকলেও তার জন্য বিচার একই হবে এবং সরকার পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।