শালিখায় ছাগল চুরি করে পালানোর পথে খাদে পিকআপ, পাঁচ কিলোমিটার ধাওয়ায় তিন চোর আটক

0
মাগুরার শালিখায় ছাগল চুরি করে পিকআপে পালানোর সময় ৫ কিলোমিটার ধাওয়া করে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। তাদের কাছ থেকে চুরির গরু, ছাগল ও এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়েছে।। ছবি: ভিডিও থেকে নেওয়া

শালিখা মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার শালিখা উপজেলায় ছাগল চুরি করে পিকআপে পালানোর চেষ্টাকালে জনতার ধাওয়ায় তিন ভ্রাম্যমাণ চোর আটক হয়েছে। বুধবার সকালে উপজেলার শতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শতপাড়া গ্রামের নিজাম মোল্লার বাড়ির পেছন থেকে নাজমুল নামে এক ব্যক্তির ছাগল পিকআপে তুলে নেয় চোর চক্রের সদস্যরা। ঘটনাটি দেখে ফেলেন স্থানীয় এক ব্যক্তি। তার চিৎকারে অভিযুক্তরা দ্রুত পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন এবং প্রায় পাঁচ কিলোমিটার পিছু নেওয়ার পর কাঠালবাড়ীয়া এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। গাড়িতে থাকা চারজনের মধ্যে তিনজনকে আটক করা সম্ভব হয়, একজন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন খুলনা সিটি করপোরেশনের আড়ংঘাটা এলাকার হাছান গাজী (২৪), ডুমুরিয়া উপজেলার কাগমারী গ্রামের গোলাম মোড়ল (২৬) এবং একই উপজেলার বাদুরগাছা গ্রামের আহাদ গাজী (২৬)।

খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি ছাগল, একটি গরু, দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং তিন টনের একটি পিকআপ জব্দ করা হয়।

শালিখা থানার ওসি আশিকুর রহমান জানান, আটক তিনজন সংঘবদ্ধ চোরচক্রের সদস্য এবং দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন।