শার্শা সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পাঁচভুলোট বিওপির সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার বিদেশি পিস্তলটির আনুমানিক মূল্য ১ লাখ টাকা ও ম্যাগাজিনের মূল্য ৫ হাজার টাকা।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির একটি চৌকস দল পাঁচভুলোট সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাচালানীদের ফেলে যাওয়া ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন জব্দ করা হয়।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও যেকোনো ধরনের অবৈধ পাচার বন্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও কঠোর টহল তৎপরতা অব্যাহত থাকবে। উদ্ধার বিদেশি পিস্তল ও ম্যাগাজিন শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।