শহীদ ওসমান হাদির পরিবারকে ২ কোটি টাকা দেওয়া হচ্ছে: অর্থ উপদেষ্টা

0
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা বিশেষ অনুদান দেওয়ার পাশাপাশি জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে-এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ওসমান বিন হাদির পরিবারের বিষয়ে দুটি ব্যাপার হয়েছে। একটা অর্থ মন্ত্রণালয় থেকে হাদির পরিবারকে এক কোটি টাকা দেওয়া হবে ফ্ল্যাট বা বাড়ির জন্য। আরেকটা হচ্ছে নগদ এক কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সেটা তাদের জীবিকা নির্বাহের জন্য।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।