শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

0
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম শহীদ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তিনি।

এ সময় তারেক রহমান শহীদ হাদিসহ জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। কবর জিয়ারত শেষে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আজ বেলা পৌনে ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে সাদা রঙের একটি সুসজ্জিত গাড়িতে করে বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান তিনি। গত দুই দিনের মতো লাল-সবুজ বাস ব্যবহার না করে আজ তিনি সাদা রঙের ব্যক্তিগত গাড়িতে যাত্রা করেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।

এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রিয় নেতাকে স্বাগত জানান।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, পঙ্গু হাসপাতালে কোনো আহত ব্যক্তি ভর্তি না থাকায় সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (NID) নিবন্ধনের উদ্দেশ্যে রওনা হন।