শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ চব্বিশের গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদির প্রথম জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ জানায়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট সিঙ্গাপুরের স্থানীয় সময় আজ শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হবে। বিমানটি আজ সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী, শহীদ ওসমান হাদির প্রথম জানাজা আজ শুক্রবার সিঙ্গাপুরের ‘দ্য আঙ্গুলিয়া মসজিদে’ সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় জানাজাটি স্থগিত করা হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে আততায়ীর বুলেটে বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন শরিফ ওসমান হাদি। সিঙ্গাপুরের একটি হাসপাতালে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চব্বিশের গণঅভ্যুত্থানে তার সাহসী ভূমিকা তাকে ছাত্র-জনতার হৃদয়ে এক অনন্য স্থানে বসিয়েছে।