‘শক্ত থাকো মোস্তাফিজ, পুরো জাতি তোমার পাশে আছে’: তাবিথ আউয়াল

0

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তারই প্রেক্ষিতে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

সেই নির্দেশ মেনে টাইগার পেসারকে ছেড়ে দিয়েছে কলকাতা। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

রাজনৈতিক কারণে মোস্তাফিজকে বাদ দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাফুফে সভাপতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মোস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ।’

আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন।’

পুরো জাতি মোস্তাফিজের পাশে আছে উল্লেখ করে বাফুফে প্রধান লেখেন, ‘খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি। শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’