লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ প্রাণহানি

0
ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না এনজিও কর্মকর্তা শরিফুল ইসলামের। লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় স্ত্রী-সন্তানসহ প্রাণ হারিয়েছেন তিনি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নাড়ির টানে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন একই পরিবারের তিন সদস্য। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী, স্ত্রী ও তাদের এক সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অপর এক শিশুকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী এবং এক সন্তান। শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি কাটাতে সকালে শরিফুল ইসলাম তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে পাটগ্রাম থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুলের স্ত্রী প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ও তার এক সন্তানকে মৃত ঘোষণা করেন। অপর শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।