রেকর্ড গড়া জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক॥ ব্যাট হাতে কার্যকরী ইনিংসের পর বল হাতে পাপুয়া নিউ গিনিকে ধসিয়ে দিলেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের দাপুটে পারফরম্যান্সে রেকর্ড গড়া এক জয় পেল বাংলাদেশ। সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলাও নিশ্চিত হলো মাহমুদউল¬াহ রিয়াদদের। বাছাই পর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার পাপুয়া নিউ নিগিকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। রানের হিসেবে এটিই টি-টোয়েন্টিতে টাইগারদের সবচেয়ে বড় জয়। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ৭ উইকেটে ১৮১ রানের পুঁজি গড়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে যা বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। জবাব দিতে নেমে ৩ বল বাকি থাকতেই ৯৭ রানে গুটিয়ে গেছে পাপুয়া নিউ গিনি। সাকিব ৩৭ বলে ৪৬ রানের ইনিংসের পর মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। ম্যাচসেরা তিনি। বাংলাদেশের এই বড় জয়ের ফলে ওমান ও স্কটল্যান্ডের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচে যে ফলই হোক, বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত। এখন অপেক্ষা গ্রুপ সেরা বা রানার্সআপ কে হয় সেটি দেখার। ওমানের বিপক্ষে স্কটল্যান্ড জিতে গেলে গ্রুপ সেরা হবে তারাই। আর ওমান জিতে গেলে আসবে রান রেটের হিসেব। তখন বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওমানের পয়েন্ট সমান হবে। তবে রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশের সুপার টুয়েলভ নিশ্চিত। এখন যা সমীকরণ তাতে ওমান ৭৯ রানে স্কটল্যান্ডকে হারালে বাংলাদেশের সঙ্গে তারা সুপার টুয়েলভে যাবে। সে ক্ষেত্রে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। গ্রুপ সেরা হলে সুপার টুয়েলভে গ্রুপ-২ এ খেলবে বাংলাদেশ। সে ক্ষেত্রে তাদের লড়তে হবে ভারত, পাকিস্তানের মতো দলের বিপক্ষে। আর রানার্সআপ হলে খেলবে গ্রুপ-১ এ। যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দল রয়েছে।