রামপালে ঘের দখলের অভিযোগ

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালের কাদিরখোলায় একটি মাছের ঘের জবরদখলে রেখে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় বৃহস্পতিবার বিকেলে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গাজী শাহনেওয়াজ পিপলু।
অভিযোগে জানা গেছে, উপজেলার কাদিরখোলা গ্রামের কেরামত আলীর ৩.৫০ একর জমি লিজ নেন একই গ্রামের মৃত জোমশেদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম। চার বছর আগে তিন বছরের জন্যে ১ লাখ ৮০ হাজার টাকায় মৌখিক চুক্তিতে ঘেরটি লিজ দেন কেরামত আলী। ২০২৩ সালে লিজ চুক্তির মেয়াদ শেষ হলেও ২০২৪ সালে কোন হারির টাকা ছাড়াই জোর করে ঘেরটি দখলে রাখেন সাইফুল ইসলাম।
কেরামত আলীর ছেলে অভিযোগকারী গাজী শাহনেওয়াজ পিপলু জানান, চুক্তির ৩ বছরের হারির ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ১০ হাজার টাকাসহ ২০২৪ সালের হারির টাকা দিতে পারবে না বলে হুমকি দেওয়া হয়েছে। জমি ফেরত চাইলে সাইফুল ইসলাম বলেন, জমি ফেরত দেবো না। আমি জমিতে মাছ চাষ করবো। জমির কাছে গেলে বা বাড়াবাড়ি করলে জীবনে শেষ করার হুমকি দেওয়া হয়েছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।
রামপাল থানার ওসি মো. সেলিম রেজা লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয়পক্ষের লোকদের ডেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।