রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এফ নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জানাজা নামাজের আগে উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, ‘বিভিন্ন দিক বিবেচনা করলে আসলে তাঁর সমকক্ষ্য আর কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে। একজন রাজনীতিবিদ, তিনবারের প্রধানমন্ত্রী ও জীবনে কোনো সংসদ সদস্য নির্বাচনে পরাজিত হননি, এমন একজন মানুষকে নিয়ে কথা বলতে চাচ্ছি না। এমন কিছু বিষয় সংক্ষেপে বলতে চাই, যেগুলো বেগম খালেদা জিয়াকে আজ সবার থেকে আলাদা করেছে।’

অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, এদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বেগম খালেদা জিয়া। সকল মানুষের প্রাণের নেত্রী হয়ে উঠেছিলেন তিনি। সবার কথা বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ গায়েবানা জানাজার আয়োজন করেছে।