যেসব এলাকায় বাড়ছে করোনা রোগী

0

লোকসমাজ ডেস্ক॥ সারাদেশে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা। রাজধানী ঢাকাসহ সারাদেশেই ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এই ভাইরাস। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি দেশের যেসব এলাকায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে সে তথ‌্যও জানান।
জাহিদ মালেক বলেন, বেশ কিছু এলাকায় করোনা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবোর পাশাপাশি নতুন করে গাজীপুর, ময়মনসিংহ এবং কেরানীগঞ্জ এলাকায় মানুষ বেশি সংক্রমিত হচ্ছে। কাজেই সেসব এলাকায় লকডাউন বেশি কার্যকর করতে হবে। এখনো মানুষ অকারণে ঘোরাফেরা করছে। সবাইকে অনুরোধ করছি, আপনারা বাড়িতে থাকবেন। যত বেশি বাইরে ঘোরাফেরা করবেন তত বেশি সংক্রমণ বেড়ে যাবে। এতে আমাদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, ইউরোপ, আমেরিকার মতো দেশও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। আমরা সেই পরিস্থিতিতে যেতে চাই না। এজন্য ঘরে থেকে নির্দেশনা মেনে চলি। লকডাউন মেনে চলি। আর লকডাউন বার বার দেওয়া সম্ভব না, এটা আমাদের ভেবে দেখার বিষয়। ২৫ এপ্রিল পর্যন্ত লকডাউন আছে। আমরা লকডাউন মেনে চলি, ঘরে থাকি। তাহলে ইনশাল্লাহ আমরা এ যুদ্ধে জয়লাভ করবো। এজন্য সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। এছাড়া নতুন করে আরও ২১৯ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর আগে ১০১২ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১২৩১ জনে দাঁড়িয়েছে। নতুন ৭ জনের মাধ‌্যমে মোট সুস্থ হয়েছেন ৪৯ জন।