যেকোনো ঘটনায় তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী সংস্কৃতি: মাহদী আমিন

0
মাহদী আমিন, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় কোনো তদন্ত বা যাচাই ছাড়াই বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

ঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নির্ধারিত সময়ের অনেক আগেই ভোট চাওয়া শুরু করেন। তার বক্তব্য ও আচরণে ঔদ্ধত্য এবং প্রচারে থাকতে মুখরোচক মন্তব্য করার প্রবণতা ছিল বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে বারবার অশালীন আচরণ করা হলেও তিনি ধৈর্যশীল থেকেছেন এবং ইতিবাচকভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন। এরপরও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে, যা আগেও দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।

মাহদী আমিনের অভিযোগ, ঘটনার কিছুক্ষণের মধ্যেই কোনো প্রমাণ, তদন্ত বা সাক্ষ্য ছাড়াই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন যে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে এবং মির্জা আব্বাসের নির্দেশে ছাত্রদল এ ঘটনা ঘটিয়েছে।

পোস্টের শেষাংশে মাহদী আমিন বলেন, কোনো তথ্য ছাড়াই তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়ার প্রবণতা অতীতের ফ্যাসিবাদী শাসনামলের আচরণকে মনে করিয়ে দেয়। নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।