যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে ছবিযুক্ত ভোটার পরিচয়পত্রে গুরুত্ব এক প্যানেলের

0

 

 

স্টাফ রিপোর্টার॥ যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ভোটরদের ছবিযুক্ত ভোটার পরিচয়পত্র না করার কারণে জাল ভোট দেয়ার সুযোগ তৈরি হবে বলে অভিযোগ করেছেন প্রার্থীরা। তারা বলছেন, নির্বাচন কমিশনের ভোটার তালিকায় অনেকের ছবি নেই, আবার যাদের ছবি রয়েছে তা বহু পুরনো ও অস্পষ্ট। একারণে একজনের ভোট অন্য কেউ দিতে আসলে শনাক্ত করা যাবে না। আগামী ৭ জানুয়ারি যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভোটগ্রহন। শহরের কালেক্টরেট স্কুলে এই ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মিজানুর রহমান খান, সাজ্জাদুর রহমান সুজা, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু ও ইদুল চাকলাদার। অপরটি ব্যবসায়ী অধিকার পরিষদের নেতৃত্বে রয়েছেন সংস্থার সাবেক নির্বাহী সদস্য হুমায়ুন কবীর কবু-মিজানুর রহমান ও আসাদুজ্জামান মিঠু। ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য শেখ আতিকুর বাবু বলেন, সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজন ছবিযুক্ত ভোটারের পরিচয়পত্র। যা দেখে প্রকৃত ভোটার শনাক্ত করা যাবে। কেননা চেম্বারের ভোটার তালিকায় অনেকের ছবি নেই, আবার যাদের রয়েছে তা বহু পুরনো। চেনা যাচ্ছে না। যে কারণে আমরা দাবি করছি ছবিযুক্ত ভোটার পরিচয়পত্র দিলে ভোট গ্রহণযোগ্য হবে। একই প্যানেলের সদস্য কাসেদুজ্জামান সেলিম বলেন, চেম্বারের প্রায় ২২শ’ ভোটার। ভোটার তালিকায় অনেকের ছবি না থাকার কারণে অন্য কেউ ভোট দিয়ে গেলে তা শনাক্ত করা সম্ভব হবে না বলে আমি মনে করছি। এজন্য আশা করছি নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উপহার দিতে গেলে একাজটি করা জরুরি।
তবে ব্যবসায়ী অধিকার পরিষদের প্যানেল লিডার হুমায়ুন কবলি কবু বলেন, আগের ভোটগুলোতে ছবিযুক্ত ভোটারের পরিচয়পত্র দেয়া হয়নি। বর্তমানে যে ভোটার তালিকা রয়েছে তা দিয়ে সুষ্ঠু ভোট গ্রহন সম্ভব। আমরা চাই ব্যবসায়ীরা সুন্দার পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ও আসন্ন নির্বাচনে ভোটার নাজমুস সাদিক বলেন, শুধু ভোটার নাম্বার দিয়ে ভোটার সনাক্ত করা জটিল ব্যাপার। কেননা আমার ভোটার নাম্বার দিয়ে অন্য কেউ ভোট দিয়ে আসলে কেউ ধরতে পারবে বলে আমার মনে হয়না। এতে জালভোট দেবার ঝুঁকি থেকে যায়। ছবিযুক্ত পরিচয়পত্র থাকলে সেই ঝুঁকি থাকেনা। এব্যাপারে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ বলেন, আমরা ভোটগ্রহন সুষ্ঠু ও সুন্দার পরিবেশে করার জন্য প্রস্তুত রয়েছি। ছবিযুক্ত ভোটার পরিচয়পত্রের বিষয়টি নিয়ে আমাদের নির্বাচনি বোর্ডে আলোচনা করব। সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হবে।