যশোরে হারানো ৩০টি মোবাইল ফোনসেট ও বিকাশের টাকা উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কার্যক্রম শুরুর ২ মাসের মধ্যেই বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে পুলিশের নবগঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। ভুল নম্বরে চলে যাওয়া কয়েকজন ভুক্তভোগীর বিকাশের অর্ধলক্ষাধিক টাকা উদ্ধারও করে সংস্থাটি। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল মুকিত সরকার। ব্রিফিংয়ে বলা হয়, যশোরের বিভিন্ন থানায় হারানো সংক্রান্ত জিডির প্রেক্ষিতে মোবাইল ফোনসেট উদ্ধারে কাজ করে যাচ্ছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সফলতা হিসেবে ইতোমধ্যে ৩০ মোবাইল ফোনসেট করা হয়েছে। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে মোবাইল ফোনসেটগুলো উদ্ধার করা হয়। যা ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, বিভিন্ন সময় ৪ ব্যক্তি বিকাশে ভুল নম্বরে মোট ৬০ হাজার ১৫০ টাকা পাঠিয়েছিলেন। পরে তাদের করা জিডির প্রেক্ষিতে এই টাকা উদ্ধার করে সঠিক মালিকের কাছে ফেরত দেয়া হয়েছে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রন্তিমূলক পোস্ট, মন্তব্য, ছবি আপলোড, গুজব, বিকাশ প্রতারণাসহ নানা সাইবার ক্রাইম রোধে কাজ করছে সংস্থাটি। ইতোমধ্যে ফেসবুকে হয়রানির শিকার ৪ ভিকটিমকে সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া উস্কানী প্রদান করে আইন-শৃঙ্খলা বিনষ্ট করায় অভিযুক্ত ২ জনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেয়া হয়েছে। ব্রিফিংয়ে বলা হয়, সাইবার স্পেসে কোন নারী যদি হয়রানির শিকার হন, তাহলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কাছে জানাতে পারেন। এ ক্ষেত্রে অভিযোগকারীর নাম পরিচয় গোপন রাখা হবে।