যশোরে রেলক্রসিংয়ে বালুভর্তি ট্রাক উল্টে চালক আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর কোতোয়ালি থানাধীন আরবপুর ইউনিয়নের ধর্মতলা রেলক্রসিং এলাকায় আজ ভোরে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ট্রাকচালক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে কুষ্টিয়া থেকে সাতক্ষীরাগামী বালুভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-০৭৩৬) ধর্মতলা এলাকায় রেলক্রসিং সিগনালে অপেক্ষমাণ ছিল।

এ সময় হঠাৎ করেই একই এলাকার দুই যুবক ট্রাকচালককে আক্রমণের চেষ্টা করে।

হঠাৎ আক্রমণের আশঙ্কায় ট্রাকচালক মো. সোহাগ হোসেন ভয়ে দ্রুত গাড়ি থেকে নামার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রেললাইনের পাশে উল্টে যায়। এতে চালক সোহাগ হোসেন আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কর্তব্যরত কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ট্রেন ও বাস চলাচল স্বাভাবিক রয়েছে।