যশোরে পার্কে ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর একটি পার্ক থেকে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে বিষপানে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জাহাঙ্গীর হোসেন মনিরামপুরের কুয়াদা বাজারে ‘সিয়াম বস্ত্রালয়’-এর মালিক এবং মনিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হারুন অর রশিদের পুত্র।

মৃতের ভাই মুরাদ হোসেন জানিয়েছেন, জাহাঙ্গীর ব্যবসা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন লোকের কাছে প্রায় কোটি টাকা দেনাগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে পাওনাদারদের পক্ষ থেকে দেনা পরিশোধের তীব্র চাপ ছিল তার ওপর।

মুরাদ হোসেন আরও জানান, তিনি জানতে পেরেছেন রোববার দুপুর ১টার পর তার ভাই জাহাঙ্গীর হোসেন মনিরামপুর রূপালী ব্যাংকে গিয়েছিলেন। এরপরের ঘটনা কেউ বলতে পারে না। পরে দুপুর আড়াইটার দিকে যশোর শহরের একটি অভিজাত পার্কে তাকে বিষপানে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে ওখানকার লোকজন জাহাঙ্গীরের মোবাইল ফোন থেকে বাড়িতে সংবাদ দেন।

খবর পেয়ে মৃতের ছেলেসহ পরিবারের সদস্যরা পার্ক থেকে তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে পুরুষ মেডিসিন ওয়ার্ডে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ৪০ মিনিটে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন মৃত্যুবরণ করেন। পরে তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মুরাদ হোসেনের ধারণা, দেনার কারণে সৃষ্ট মানসিক চাপ থেকেই জাহাঙ্গীর হোসেন এই চরম পথ বেছে নিয়েছেন। তবে মনিরামপুর থেকে এত দ্রুত সময়ের মধ্যে তিনি কীভাবে যশোর শহরতলীর পার্কে আসলেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মুরাদ হোসেন।