যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

0

স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত-বন্দেগির মধ্যে অতিবাহিত করেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আয়োজন করে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ঈদে মিলাদন্নবী উপলক্ষে বুধবার মাগরিব বাদ যশোর কালেক্টরেট জামে মসজিদে জেলা প্রশাসনের উদ্যোগে সিরাতুন্নবী নবী স. আয়োজন করেন। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামের সভাপতিত্বে মাগরিবের নামাজের পর মহানবী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শের ওপর আলোচনায় অংশ নেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা মো. ইয়াসিন আলম খান ও বকচর জামেয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান আল্লাহর কাছে সৃষ্টিকুলের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্র্ণ হলেন রহমতের প্রতীক, করুণার আধার বিশ্বনবী মুহাম্মদ (সা.) আল্লাহপাক নিজেই তাঁর প্রিয় হাবিবের সর্বোন্নত গুণের কথা জানিয়েছেন। তিনি বলেন- ‘ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। ‘অর্থাৎ হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য করুণার প্রতীক হিসেবে প্রেরণ করেছি। বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরিত এই মহামানবের অপর গুণটি হলো তাঁর সর্বোৎকৃষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য। বক্তারা সবাইকে তাঁর সর্বোচ্চ আদর্শ অনুসরণের আহবান জানান। একই দিনে সকালে ইসলামী ফাউন্ডেশন যশোরের কার্যালয়ে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান (হামদ ও নাত) আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ইসলামী ফাউন্ডেশন যশোরের উপ পরিচালক সৈয়দ আব্দুল মঈন, ফিল্ড অফিসার মোহাম্মাদ আবদুর রশিদ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
সরকারি পর্যায়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও ঈদে মিলাদুন্নবীর কর্মসূতি পালন করা হয়। জাতীয়তাবাদী উলামা দল যশোর জেলা শাখা বুধবার বাদ আসর শহরের বায়তুস সালাম জামে মসজিদে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়া বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
একই দিনে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনী ও তাঁর আদর্শের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে হযরত মুহাম্মদ (সা:) এর জীবনাদর্শ আলোচনা, কুরআন তিলওয়াত, হামদ ও নাত পরিবেশন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। বিশেষ এই দিনটিতে যশোর সরকারি এমএম কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, যশোর হামিদপুর আল-হেরা কলেজের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা হামদ, নাত ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেন। এদিকে বুধবার রাতে শহরের কারবালা সরকারি কবরস্থান, খড়কী কবরস্থান, ঘোপ কবরস্থানসহ বিভিন্ন কবরস্থানে ধর্মপ্রাণ মুসল্লীরা গিয়ে স্বজনদের কবর জিয়ারত পূর্বক তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।