যশোরে জমির বিরোধে মারধরের পর যুবককের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক যুবককে মারধরের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত কাজী নাইমুর রহমান হিমেল (৪২) যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে। বুধবার দুপুরে দেয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
হিমেলের পরিবারের অভিযোগ, যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের শম্ভুনাথ মল্লিকের সাথে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। দীর্ঘদিন ধরে শম্ভুনাথ ও তার ছেলেরা তাদের জমি দখলের চেষ্টা করে আসছে। বুধবার দুপুরে শম্ভুনাথ ও তার ছেলে বিপ্লব জমি নিয়ে হিমেলের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাকে মারপিট করলে হিমেল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। এ সময় হামলাকারীরা গ্রামে প্রচার করেন, হিমেলের স্ট্রোকে মৃত্যু হয়েছে।
হিমেলের শ্যালক মাসুদুর রহমান অভিযোগ করেন, শম্ভুনাথের ছেলে বিপ্লব হিমেলের বুকে দুটি ঘুষি মারলে হিমেল পড়ে যান। পরে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বিকেলে খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা, নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশ এবং পিবিআই ঘটনাস্থলে যায়। পুলিশ হিমেলের মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নাইমুর রহমান হিমেলের স্ত্রী তামান্না রহমান কোতয়ালি থানায় হত্যার অভিযোগ করেছেন।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, জমি নিয়ে বিরোধে মারামারির মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্যে মৃতদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।