যশোরে কিশোরীদের এইচপিভি টিকাদান কর্মসূচিরর উদ্বোধন

0

 

স্টাফ রিপোর্টার ॥ ‘একডোজ টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’- স্লোগানে বৃহস্পতিবার থেকে সারাদেশের সাথে যশোর জেলায় শুরু হয়েছে ১০ থেকে ১৪ বছর শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি। যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোঃ রফিকুল হাসান সকাল ১০টায় যশোর কালেক্টরেট স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, নারীদের জরায়ু মুখে ক্যান্সার একটি মারাত্মক রোগ। যৌনবাহিত এ রোগে বাংলাদেশে প্রতি এক লাখ নারীর মধ্যে ১১ জন আক্রান্ত হচ্ছেন এবং বছরে প্রায় ৪ হাজার ৯শ’ ৭১ জন নারী এ রোগে মৃত্যুবরণ করছেন। তাই এ অবস্থায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধ করার জন্য সরকার ১০ হতে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ করে এইচপিভি টিকা প্রদান করছে। ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিদ্যালয়গুলোতে এবং ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কমিউনিটি স্থায়ী কেন্দ্রগুলোতে কিশোরীদের মাঝে এ টিকা দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের হোসেন সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ মাহমুদুল হাসান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ দিলদার হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পুলিশ হাসপাতালের পুলিশ পরিদর্শক মোঃ অহিদুজ্জামান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ সামিনা পারভীন প্রমুখ।
যশোরের ৮ উপজেলায় মোট ১ লাভ ২৩ হাজার ১শ ৬০ জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।