যশোরের চাঁদ অ্যাগ্রো থেকে টাকা চুরির অভিযোগে সুইপার আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পুরাতন কসবা বিমান বন্দর সড়কস্থ চাঁদ অ্যাগ্রো লিমিটেডের অফিস পরিস্কার করার সময় পৌনে ৬ লাখ টাকা চুরি করে সুইপার উত্তম দাস। টাকা চুরির পর তিনি মোবাইল ফোন বন্ধ করে রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়ায় আত্মগোপন করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

মঙ্গলবার গভীর রাতে যশোরের ডিবি পুলিশের একটি টিম দৌলতদিয়ার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে পৌনে ১ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তার সহযোগী সাধন বিশ্বাসকেও আটক করা হয়।

আটক উত্তম দাস (৩২) ঢাকার যাত্রাবাড়ি থানার পোস্তাগোলা এলাকার রমেশ দাসের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের পুরাতন কসবা বিমান বন্দর সড়কের গোরাপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করেন। অপর আটক সাধন বিশ্বাস যশোর শহরের বেজপাড়া তুর্য্য আহমেদের বাড়ির ভাড়াটিয়া নিত্য গোপাল বিশ্বাসের ছেলে।

ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্ত উত্তম দাস চাঁদ অ্যাগ্রো লিমিটেডের যশোর অফিসে সুইপারের কাজ করেন। গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা অফিসে কাজ করে বাড়ি ফিরে যান। পরদিন বেলা সোয়া ১১টার দিকে ম্যানেজার সোহেল রানা অফিসে গিয়ে দেখেন, লকার খোলা। লকারের ভেতর ব্যাগে রাখা সাড়ে ৬ লাখ টাকার মধ্যে ৫ লাখ ৭০ হাজার টাকা নেই। পরে তিনি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পরীক্ষা করতে গিয়ে দেখেন, মেমোরি কার্ড নেই।

এরপর পাশের একটি অফিসের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখতে পান, চাঁদ অ্যাগ্রো লিমিটেডের সুইপার উত্তম দাস একটি বাজার করার ব্যাগ হাতে করে যাচ্ছেন। ফলে তার সন্দেহ হয় উত্তম দাস টাকা চুরি করে নিয়ে গেছেন।

কিন্তু যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। তার পরিবারের লোকজনও উত্তম দাসের কোনো সন্ধান দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে ম্যানেজার সোহেল রানা এ বিষয়ে কোতয়ালি থানায় অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ডিবি পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্তের পর গত মঙ্গলবার গভীর রাতে রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়ার পুরাতন রেল স্টেশন এলাকার ভাই ভাই উজ্জল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে উত্তম দাসকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ৭৯ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তম দাস ৫ লাখ ৭০ হাজার টাকা চুরির কথা স্বীকার করেন।

তিনি ডিবি পুলিশকে আরও জানান, ওই টাকার মধ্যে ২ লাখ ৭০ হাজার টাকা তার সহযোগী সাধন বিশ্বাসকে দিয়েছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে যশোর শহরের বেজপাড়ার ভাড়া বাড়ি থেকে সাধন বিশ্বাসকে আটক করে।