সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ স্থানীয় সরকার বিভাগের

0
বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের সব ধরনের কাজ, সেবা ও পণ্য ক্রয়ের দরপত্র স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ স্থানীয় সরকার বিভাগের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার। সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত সংক্রান্ত প্রেরিত অফিসিয়াল নির্দেশনার কপি।। ছবি: সংগৃহীত

চিঠিতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। চিঠিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রশাসনিক নির্দেশনার এ চিঠিটি দেশের সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে সরাসরি পাঠানো হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরগুলোকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

নতুন এ নির্দেশনার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়নকাজ, সেবা গ্রহণ ও পণ্য কেনার নতুন দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকবে। তবে ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া কাজ কিংবা বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে চিঠিতে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। একইভাবে সংশোধিত অধ্যাদেশের বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশের নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়নি।

ফলে এই স্থগিতাদেশ কত দিন কার্যকর থাকবে এবং চলমান ক্রয়প্রক্রিয়ার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা প্রেরিত চিঠি থেকে স্পষ্ট হওয়া যায়নি।