যশোরের খড়কীতে সন্ত্রাসীদের হামলায় চারজন জখম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের খড়কীতে শুক্রবার দুপুরে চিহ্নিত এক দল সন্ত্রাসীর হামলায় চারজন আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলেন, খড়কী মধ্যমপাড়া এলাকার জিয়াদ গাজীর ছেলে মানু গাজী (৩২) রিন্টু গাজী (৩৮), ইসমাইলের ছেলে ইমরান (২৩) ও মোশারফের ছেলে মাসুম (৩২)। ভুক্তভোগী স্যানিটারি মিস্ত্রী মানু গাজী জানান, খড়কী রেললাইন এলাকার মতিয়ার রহমানের ছেলে চিহ্নিত সন্ত্রাসী আক্তারুজ্জামান ডিকু বাহিনীর সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এলাকায় ডিকু বাহিনীর মাদক ব্যবসা বন্ধে ভূমিকা রাখায় তাদের সাথে বিরোধের সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে খড়কী কবরস্থান মসজিদ থেকে জুমার নামাজ আদায় শেষে তিনি বাইরে বের হন। এ সময় কোনোকিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী ডিকু ও তার ভাই জিসানসহ কয়েকজন সন্ত্রাসী আচমকা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয় সন্ত্রাসীদের একজন। এছাড়া সন্ত্রাসীরা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করলে তার বড়ভাই রিন্টু গাজী, একই এলাকার ইমরান ও মাসুম জখম হন। পরে তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। কোতয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম এ বিষয়ে বলেন, তিনি ঘটনাটি জানতে পেরেছেন। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।