যবিপ্রবি শিক্ষার্থীদের মারধরের বিচার দাবিতে বিক্ষোভ

0

যবিপ্রবি সংবাদদাতা॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় যশোর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল যশোর পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাৎ করেন।গতকাল বুধবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইমরান খান, সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, ড. মেহেদী হাসান জুয়েল, ড. মো. মজনুজ্জামান, সহকারী অধ্যাপক মো. আল আমিন, প্রভাষক মো. তারেকুজ্জামান, রবিউল ইসলাম, শুব দেব, জাহেদুল ইসলাম প্রমুখ।